রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী মারা গেছেন। বুধবার (১৬ জুলাই) কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওই শিক্ষার্থীর নাম মৌমিতা জামান। তিনি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
মৌমিতা জামানের সহপাঠীরা জানান, তীব্র জ্বর নিয়েও মৌমিতা সোমবার ক্লাসে আসে অ্যাটেনডেন্স মিস যাবার ভয়ে। এরপর অসুস্থতা আরো বাড়লে মঙ্গলবার বাড়িতে চলে যান। বাড়িতে থাকা অবস্থায় বুধবার সকাল ৯টায় অনেক বমি হয়, পরে দুপুর ১২টায় কুষ্টিয়া সদর হাসপাতালে নেয়ার পর তিনি মৃত্যুবরণ করেন।
এ বিষয়ে জানতে বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. এ কে এম মাসুদ রেজা’র মুঠোফোন নম্বরে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। তবে, বৃহস্পতিবার বিভাগের সভাপতি স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২য় বর্ষ ২য় সেমিস্টারের শিক্ষার্থী মৌমিতা জামান অসুস্থতাজনিত কারণে মৃত্যুবরণ করায় বৃহস্পতিবার বিভাগের সব ক্লাস-পরীক্ষা স্থগিত করা হলো এবং একইসঙ্গে উক্ত শিক্ষার্থীর প্রয়াণে বাংলা বিভাগ শোক জ্ঞাপন করছে।
Leave a Reply