নড়াইলে এক বিষয়ে পরীক্ষা দিয়ে ফেল করায় এক এসএসসি পরীক্ষার্থীর ফলাফল বিভ্রাটের ঘটনা ঘটেছে। ভূক্তভোগী লোহাগড়া উপজেলার লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের কারিগরী শাখার শিক্ষার্থী মো. রোমান মোল্যা। সে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় ‘বাংলাদেশ ও বিশ্ব পরিচয়’ বিষয়ে পরীক্ষা দিয়ে ‘কৃষি শিক্ষা’ বিষয়ে ফেল করেছেন। এমন ঘটনায় মো. রোমান মোল্যার ফলাফলে জনমনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
জানা যায়, লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে কারিগরি শাখায় (ইলেকট্রিক্যাল) নবম শ্রেণিতে ভর্তি হন শিক্ষার্থী মো. রোমান মোল্যা। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২০২৩ সালে এসএসসি পরীক্ষায় অংশ নেন তিনি। ১৫ বিষয়ে পরীক্ষা দিয়ে ‘বাংলাদেশ ও বিশ্ব পরিচয়’ বিষয়ে ফেল করেন তবে ফলাফল সিট অনুযায়ী ‘কৃষি শিক্ষায়’ গ্রেড পেয়েছিলেন। ২০২৪ সালে অকৃতকার্য হওয়া ‘বাংলাদেশ ও বিশ্ব পরিচয়’ বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করে আবার ওই বিষয়ে ফেল করেন। তবে যথারীতি কৃষিশিক্ষার ফলাফল ছিলো অপরিবর্তিত।
একইভাবে ২০২৫ সালে রোমান আবারও ‘বাংলাদেশ ও বিশ্ব পরিচয়’ পরীক্ষায় অংশ নেয়। কিন্তু এবার ঘোষিত ফলাফলে দেখা যায়, তিনি ওই বিষয়ে পাস করলেও কৃষিশিক্ষায় তাকে ফেল দেখানো হয়। আর সামগ্রিক ফলাফলে তাকে পাস দেখিয়ে গ্রেড পয়েন্ট এভারেজ (GPA) ৪.১৪ প্রকাশ করা হয়।
শিক্ষার্থী মো. রোমান মোল্যা বলেন, আমি ২০২৫ সালের পরীক্ষায় শুধুমাত্র ‘বাংলাদেশ ও বিশ্ব পরিচয়’ বিষয়টির জন্য ফরম পূরণ করি এবং টাকা জমা দেই। আমি শুধুমাত্র ওই বিষয়টিতে পরীক্ষা দেই। আমি তো কৃষি শিক্ষায় পরীক্ষা দেইনি। বোর্ডের অনলাইন ফলাফলে আমি ওই বিষয়ে এ মাইনাস (A-) পেয়েছি কিন্তু কৃষিশিক্ষায় আমাকে ফেল দেখানো হচ্ছে। প্রথমে রেজাল্ট সিট দেখে কিছু বুঝতে না পারলেও পরে বিষয়টি দেখতে পাই। মানসিকভাবে চাপে আছি, স্যারদের সাথে যোগাযোগ করছি কিন্তু এখন পর্যন্ত কোন স্পষ্ট ধারণা পাইনি।
এদিকে, এমন ফলাফল নিয়ে জনমনে দেখা দিয়েছে বিরূপ প্রতিক্রিয়া। শিক্ষক রূপক মুখার্জী জানান, যে শিক্ষার্থী একটা বিষয়ে পরীক্ষা দেয়নি, সে বিষয়ে ফেল কেমনে করে? এটা স্পষ্ট বোর্ডের গাফিলতি আর অন্য কোন বিষয় থেকে থাকলে বোর্ডের সেটা ক্লিয়ার করা উচিত।
এ বিষয়ে লক্ষীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম মুরাদুজ্জামান জানান, বিষয়টি জানতে পেরেছি। শিক্ষার্থীর ফলাফলের বিষয়টি নিয়ে বোর্ডের সাথে যোগাযোগ করে সমাধানের চেষ্টা করবো। এটা দায়িত্বরত ব্যক্তির টাইপিং মিসটেক হতে পারে। পাস করার পরও মার্কসিটে ফেল দেয়ার কথা নয় বলে জানান তিনি।
Leave a Reply