জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দুই শিক্ষক ও ছাত্র সংসদ নেতৃবৃন্দের ওপর হামলার ঘটনার প্রতিবাদে ভিসি ভবনের সামনে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা। রোববার (১৩ জুলাই) সাড়ে ১১টায় ভিসি ভবনের সামনে অবস্থান নেন তারা। পরে সাড়ে ১২টার দিকে সরে যান শিক্ষার্থীরা।
অবস্থানের সময় ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীদেরকে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী ওসমান বলেন, ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা অন্যায়-দুর্নীতিকে প্রশ্রয় দেয় না। আমাদের শিক্ষকদেরকে লাঞ্ছিত করবে আর আমরা ক্লাস করবো এটা হতে পারে না। আমাদের যে শিক্ষকদেরকে মারধর করা হয়েছে তারা প্রশাসনিক বডিতে রয়েছেন। এর পরও কেন ভিসি ভবন থেকে কোনো প্রতিবাদ বার্তা জানালো না ?
প্রসঙ্গত, বৃহস্পতিবার (১০ জুলাই) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রলীগ পুনর্বাসন করার অভিযোগে ২ শিক্ষকসহ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতৃবৃন্দের ওপর হামলার অভিযোগ ওঠে জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসানের বিরুদ্ধে। মূলত বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী রফিক বিন সাদেক রেসাদকে ছাত্রলীগে সম্পৃক্ত থাকার অভিযোগে বিভাগে আটকে রাখে মাহমুদুল হাসানের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা। এক পর্যায়ে তাকে মারধর করা হলে এগিয়ে আসেন বিভাগের শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যান উপদেষ্টা অধ্যাপক ড. এ কে এম রিফাত হাসান এবং সহকারী প্রক্টর শফিকুল ইসলাম। এসময় তাদেরকেও গালিগালাজ ও মারধর করা হয়। পরবর্তীতে জবি শাখা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক ফয়সাল মুরাদ ও মুখ্য সংগঠক ফেরদৌস শেখ সেখানে গেলে তারাও হামলার শিকার হোন।
এ বিষয়ে জবি শাখা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক ফয়সাল মুরাদ বলেন, ছাত্রলীগ ট্যাগ দিয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক ফারুককে মারধর করছিল ছাত্রদলের নেতাকর্মীরা। আমি তাদেরকে নিষেধ করলে আমার ওপরও তারা হামলা চালায়। জুলাইয়ের গুলিবিদ্ধ ফেরদৌস হাসানকে ঘিরে ধরে সবাই মিলে পিটিয়েছে। আমরা এর প্রতিবাদ জানাই। শিক্ষকদের উপরও তারা হামলা চালিয়েছে।
জবি শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, আমরা জানতে পারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সন্ত্রাসীরা প্রবেশ করেছে। এরা বিভিন্ন সময় ফেসবুকে পোস্ট দিয়ে ক্যাম্পাসে ঢুকছে এবং অরাজকতার সৃষ্টি করছে। এদের হাতে হামলার শিকার ছাত্রদলের নেতৃবৃন্দ তাদেরকে ধরতে গেলে আমাদের বিরুদ্ধে মব তৈরি করা হয়েছে।
Leave a Reply