ছাত্র-জনতার আন্দোলন চলাকালে রাজধানীর শাহবাগে জুট ব্যবসায়ী মো. মনিরকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১৮ জুন) এ আদেশ দেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট এম মিজবাহ উর রহমানের আদালত।
এদিন তাকে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে এ মামলায় দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। অপর দিকে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট এম মিজবাহ উর রহমান তার জামিন আবেদন নামঞ্জুর করে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পালিয়ে যাওয়ার সময়ে রাজধানীর সদরঘাট এলাকা থেকে আনিসুল হককে গ্রেপ্তার করা হয়।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত বছরের ৫ আগস্ট শাহবাগ থানার চানখারপুল এলাকায় ছাত্র-জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন ক্ষুদ্র জুট ব্যবসায়ী মো. মনির। দুপুরে আসামিদের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই প্রাণ হারান মনির। এ ঘটনায় মনিরের স্ত্রী গত ১৪ মার্চ শাহবাগ থানায় একটি হত্যা মামলা করেন।
Leave a Reply