প্রথমবারের মতো অনুষ্ঠিত ৩২ দলের ফিফা ক্লাব বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের আগেই বড় ধরনের দুশ্চিন্তায় পড়েছে রিয়াল মাদ্রিদ। বুধবার (১৮ জুন) রাত ১টায় মায়ামির হার্ডরক স্টেডিয়ামে সৌদি আরবের আল হিলালের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে রিয়াল। তবে এই ম্যাচের আগে দলের তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
স্প্যানিশ গণমাধ্যমগুলোর খবর অনুযায়ী, জ্বরের কারণে গতকাল পাম বিচ গার্ডেনসে দলের অনুশীলনে যোগ দিতে পারেননি এমবাপ্পে। ফলে আল হিলালের বিপক্ষে তার খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছে। রিয়াল মাদ্রিদের এক মুখপাত্র ইএসপিএনকে এমবাপ্পের জ্বরে ভোগার বিষয়টি নিশ্চিত করেছেন। ইএসপিএনের সূত্রমতে, এমবাপ্পের খেলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে রিয়াল।
কোচ জাবি আলোনসোর কথাতেও এই অনিশ্চয়তার সুর শোনা গেছে। তিনি সাংবাদিকদের বলেছেন,‘কিলিয়ান সকালে ভালো অনুভব করলেও সেটা যথেষ্ট ছিল না। দেখা যাক সে কেমন অনুভব করে। আগামীকাল (আজ) এই ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেব।
আল হিলালের বিপক্ষে ক্লাব বিশ্বকাপের ম্যাচটিই রিয়ালের কোচ হিসেবে জাবি আলোনসোর প্রথম ম্যাচ। এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এমবাপ্পের অসুস্থতা রিয়ালের কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে। এছাড়া, দলের রক্ষণভাগের কয়েকজন তারকা খেলোয়াড় অ্যান্টনিও রুডিগার, ডেভিড আলাবা, এডার মিলিতাও এবং মেন্দিকে যুক্তরাষ্ট্রে নেওয়া হলেও তাদের নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। গত মৌসুমে তারা বহুবার চোটে পড়েছেন। এদুয়ার্দো কামাভিঙ্গা এবং এনড্রিকের মতো গুরুত্বপূর্ণ ফুটবলাররাও একাধিকবার চোট পেয়েছেন।
গত বছর প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার পর থেকে ২০২৪-২৫ মৌসুমে এমবাপ্পে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৬ ম্যাচে করেছেন ৪৩ গোল, আর সহায়তা করেছেন ৫টি গোলে। সদ্য শেষ হওয়া লা লিগায় ৩১ গোল করে তিনি ছিলেন সর্বোচ্চ গোলদাতা। মজার ব্যাপার হলো, এবারই তিনি প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপে খেলতে যাচ্ছেন।
ক্লাব বিশ্বকাপের এই আসরে মোট ৩২টি দল ৮টি গ্রুপে বিভক্ত হয়ে খেলছে, যেখানে প্রতিটি গ্রুপে চারটি করে দল রয়েছে। রিয়াল মাদ্রিদ ‘এইচ’ গ্রুপে, এই গ্রুপে আল হিলালের সঙ্গে রয়েছে মেক্সিকোর ক্লাব পাচুয়া ও অস্ট্রিয়ার ক্লাব আরবি সালজবুর্গ। রিয়ালের গ্রুপ পর্বের শেষ দুটি ম্যাচ পাচুয়া ও সালজবুর্গের বিপক্ষে যথাক্রমে ২২ ও ২৭ জুন অনুষ্ঠিত হবে।
Leave a Reply