গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিষাক্ত মদপানে ২ জন মারা গেছে এবং ৫ জন গুরুতর অসুস্থ হয়েছে।
জানা গেছে, গোবিন্দগঞ্জ পৌর শহরের চকগোবিন্দ (পাঠানপাড়া) গ্রামের দলিল লেখক আলমগীর প্রধানের ছেলে মেহেদি হাসান সোহাগ (৩১), ঝিলপাড়ার মোশারফ হোসেনের ছেলে তৌহিদুজ্জামান সৈকত (৩২), চক গোবিন্দপুর নূরুল ইসলামের ছেলে রানা (৩২), সাজু মিয়ার ছেলে রানা (২৮), মৃত বাদল চন্দ্র সরকারের ছেলে বাঁধন সরকার (২৬), বাপ্পী (২৮) ও অভিসহ (৩০) আরো বেশ কয়েকজন বৃহস্পতিবার দিবাগত রাতে এক সাথে বসে মদপান করে। মদপানের ঘন্টা দু’য়েক পর তারা অসুস্থ হয়ে পড়ে। এদের মধ্যে তৌহিদুজ্জামান সৈকত রাত আনুমানিক ১০টার দিকে মারা যায়। এরপর শুক্রবার সকাল ১১টার দিকে বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মেহেদি হাসান সোহাগ মারা যায়।
অন্যান্য অসুস্থরা বগুড়া ও রংপুরের বিভিন্ন হাসপাতাল এবং ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে। সেখানে তাদের অবস্থাও আশঙ্কাজনক।
গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা: শরিফুল ইসলাম জানান, সোহাগ, সৈকত ও রানা নামে ৩ যুবককে এখানে ভর্তি করা হয়েছিল। অ্যালকোহল জাতীয় কিছু পান করার ফলে তারা গুরুতর অসুস্থ হয়ে পড়ায় অবস্থার অবনতি ঘটলে ওই ৩ জনকে রংপুরে স্থানান্তর করা হয়।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান জানান, সোহাগের মরদেহ বগুড়া শজিমেক হাসপাতালে ময়নাতদন্ত করা হয়েছে। তবে তৌহিদুজ্জামান সৈকতের পরিবারের লোকজন জানান, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা যাওয়ায় তার লাশ উপজেলার শাখাহার ইউনিয়নের দইহারা গ্রামের বাড়ীতে দাফন করা হয়। থানার পরিদর্শক (তদন্ত) তাজুল ইসলাম জানান, মারা যাওয়ার কারণ উদ্ধারে পুলিশ তদন্তে নেমেছে- নিহতদের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ করা হয়নি।
Leave a Reply