ভারতের ও পাকিস্তান সংঘাতের কারণে সিরিজটি আয়োজন নিয়ে শঙ্কা ছিল। তবে শেষ পর্যন্ত সব শঙ্কা কাটিয়ে মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ। নিরাপত্তা ভাবনায় অবশ্য পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নেমে এসেছে তিন ম্যাচে।
বুধবার (২৮ মে) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯ টায় মাঠে গড়াবে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি। এই সিরিজের জন্য পাঁচ সদস্যের ধারাভাষ্য প্যানেলের তালিকা প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পাঁচ সদস্যের ধারাভাষ্যকার প্যানেলে স্বাগতিক পাকিস্তানের তিন জনের সঙ্গে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া থেকেও একজন করে ধারাভাষ্যকার রাখা হয়েছে । যেখানে বাংলাদেশ থেকে আছেন ভয়েস অব বাংলাদেশ’ খ্যাত আতহার আলী খান।
অস্ট্রেলিয়া থেকে রাখা হয়েছে মাইক হেইসম্যানকে। স্বাগতিক পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের মাঝে সাবেক অধিনায়ক রমিজ রাজার সঙ্গে আছেন আমির সোহেল ও বাজিদ খান। পুরো সিরিজে উপস্থাপিকা হিসেবে কাজ করবেন জয়নব আব্বাস।
পাকিস্তানে টি-টোয়েন্টি সিরিজ সম্প্রচার করবে ‘এ’ স্পোর্টস ও টেন স্পোর্টস। এ ছাড়া তামাশা ও ট্যাপম্যাড অ্যাপেও দেখা যাবে বাংলাদেশ ও পাকিস্তানের খেলা। মিডল ইস্ট এবং উত্তর আফ্রিকায় ক্রিকবাজ, বাংলাদেশে টি-স্পোর্টস ও নাগরিক টিভিতে খেলা দেখা যাবে।
টেলিভিশনের পাশাপাশি ট্যাপম্যাড অ্যাপেও লিটন দাসদের খেলা দেখতে পারবেন বাংলাদেশের সমর্থকরা। এ ছাড়া যুক্তরাজ্যে এআরওয়াই ডিজিটাল অ্যাপ, শ্রীলঙ্কায় ডায়ালগ, আফ্রিকায় সুপার স্পোর্টস এবং উত্তর আমেরিকায় সম্প্রচার হবে উইলো টিভিতে।
Leave a Reply