একদিন বাদেই প্রকৃতিতে ছড়াবে ফাল্গুনের হাওয়া। এর আগে মাঘের শেষ দিনে দেশের ২ বিভাগে হতে পারে বৃষ্টি। সঙ্গে আগের মতোই শেষরাত থেকে সকাল পর্যন্ত থাকতে পারে কুয়াশার দাপট। ৭২ ঘণ্টার আবহাওয়ার সবশেষ পূর্বাভাসে এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, আগামী ৩ দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। আর এই সময়ে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে।
এই আবহাওয়াবিদ জানান, শনিবার শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এই সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা কিছুটা কমলেও দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
এছাড়া রোববার শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের দক্ষিণাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। পাশাপাশি এই সময়ে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
গত ২৪ ঘণ্টায় সিলেটে ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। অন্যদিকে বৃহস্পতিবার সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর এই সময়ে রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় বর্ধিত ৫ দিনে রাত ও দিনের তাপমাত্রা বাড়তে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
Leave a Reply