চলচ্চিত্র পরিচালক সিবি জামান গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতলের চিকিৎসাধীন। বর্তমানে সেখানে তাকে আইসিইউতে রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তার একমাত্র ছেলে সি এফ জামান।
তিনি বলেন, সকাল পৌনে এগারোটার দিকে আব্বু বাথরুমে গিয়ে পড়ে যান। পরে তাকে ধরাধরি করে বের করে আনা হয়। কিন্তু এর পরপরই তার কথাবার্তা অসংলগ্ন হয়ে পড়ে। তিনটার দিকে আব্বুকে মহাখালীর ইউনিভার্সেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে তাৎক্ষণিকভাবে আইসিইউতে ভর্তি করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি স্ট্রোক করেছেন। সব পরীক্ষা নিরীক্ষা চলছে রিপোর্ট পাওয়া গেলে বলা যাবে তার অবস্থা।
জামান বলেন, আব্বু কয়েক দিন ধরেই উচ্চ ডায়বেটিকে আক্রান্ত। কোনোভাবেই এটা কন্ট্রোলে আনা যাচ্ছে না। সবাই আব্বুর জন্য দোয়া করবেন।
এদিকে প্রবীণ নির্মাতা সিবি জামানের সুস্থতার জন্য বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন দোয়া প্রার্থনা করেছেন।
প্রসঙ্গত, ১৯৭৩ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত তিনি সরাসরি চলচ্চিত্র পরিচালনার সাথে যুক্ত থেকে বিখ্যাত কিছু চলচ্চিত্র দর্শকদের উপহার দেন। যার মধ্যে ঝড়ের পাখি, উজান ভাটি, লাল গোলাপ, কুসুম কলি, সুভরাত্রি, দিন যায় কথা থাকে, হিসাব নিকাশ, পুরস্কার, ইত্যাদি উল্লেখযোগ্য।
উল্লেখ্য, এর আগেও বেশ কয়েকবার স্ট্রোক ও হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন তিনি। সর্বশেষ ২০১৯ সালে স্ট্রোক ও হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে প্রবীণ এই কিংবদন্তি পরিচালক হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
Leave a Reply