আমজাদ হোসেন। একাধারে একজন লেখক, চিত্রনাট্যকার, গীতিকার, সংলাপ রচয়িতা, অভিনেতা ও পরিচালক। বাংলাদেশের সেরা চলচ্চিত্র নির্মাতাদের অন্যতম ইতিহাস পুরুষ। যার লেখনী এবং নির্মাণ সমাজের অবহেলিত মানুষকে কেন্দ্র করে আবর্তিত। বক্তব্যধর্মী এই নির্মাতা ১৯৪২ সালের ১৪ আগস্ট জামালপুরে জন্মগ্রহণ করেছিলেন। তার বহুমুখী প্রতিভায় আলোকিত হয়েছে এই দেশ। বিশেষ করে স্বাধীন বাংলাদেশ বিনির্মাণে তার লেখনী ও চলচ্চিত্র প্রভূত অবদান রেখেছে। ছয় বছর আগে ১৪ ডিসেম্বর খ্যাতিমান এই পরিচালক ও লেখক অনন্তলোকে পাড়ি জমান।
ক্ষণজন্মা এই প্রবাদপুরুষের মৃত্যুবার্ষিকী গভীরভাবে স্মরণ করে বিশেষ অনুষ্ঠানমালা ‘কিংবদন্তির কথা’ আয়োজন করেছে এনিগমা টিভি।
এদিন তাকে স্মরণ করে গান ও স্মৃতিকথায় উপস্থিত থাকবেন তার সুযোগ্য দুই উত্তরসূরী অভিনেতা-পরিচালক সাজ্জাদ হোসেন দোদুল এবং অভিনেতা-পরিচালক সোহেল আরমান। এদিন তারা বরেণ্য পিতা আমজাদ হোসেনকে নিয়ে স্মৃতির ঝাঁপি মেলে ধরবেন।
এ ব্যাপারে সাজ্জাদ হোসেন দোদুল বলেন, আমরা পারিবারিকভাবে খুবই খুশি যে আব্বাকে নিয়ে এনিগমা সময়োচিত ভাবনায় অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে। এজন্য এনিগমা কর্তৃপক্ষ বিশেষ করে প্রতিষ্ঠানের সিইও ফাহমিদুল ইসলাম শান্তনুকে অসংখ্য ধন্যবাদ।
পাশাপাশি এদিন আমজাদ হোসেনের লেখা জনপ্রিয় গান কাভার করবেন চৈতী মুৎসুদ্দী এবং শামীম জুবায়ের। ওয়ালিদ হাসানের পরিচালনায় অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন কণ্ঠশিল্পী দিঠি আনোয়ার।
এ ব্যাপারে এনিগমা টিভি’র ব্যবস্থাপনা পরিচালক শেখ জাহিন আহমেদ বলেন, আমরা অনুষ্ঠানের ভিন্নতা দেখাতে চাই। শিল্প-সংস্কৃতিক অঙ্গনের কিংবদন্তিদের অজানা কথাগুলোকে তুলে ধরতে চাই। আর সে চাওয়া থেকেই এনিগমা টিভির বিশেষ এই আয়োজন। দর্শক প্রিয়তা পেলেই আমরা স্বার্থক।
অনুষ্ঠানটি দেখা যাবে আগামীকাল শনিবার রাত ৯টায় সরাসরি এনিগমা টিভিতে। এছাড়াও অনুষ্ঠানটি উপভোগ করা যাবে এনিগমা টিভির ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটে।
Leave a Reply