এপার-ওপার দুই বাংলাতেই বেশ জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। যদিও এপার বাংলায় খুব কম কাজ করতে দেখা যায় তাকে। সবশেষ নির্মাতা আশফাক নিপুণের বহুল আলোচিত ওয়েব সিরিজ ‘মহানগর’-এ দেখা গেছে টালিউডের এই অভিনেতাকে।
এছাড়া অভিনেত্রী জয়া আহসানেরও কিছু সিনেমায় অভিনয় করেছেন অনির্বাণ। এ কারণে দুই বাংলাতেই পরিচিত রয়েছে তার। রয়েছে ভক্ত-শুভাকাঙ্ক্ষীও। সেই ধারাবাহিকতায় দুই দেশের মধ্যকার সম্পর্ক ও পরিস্থিতি নিয়ে কথা বললেন এ অভিনেতা।
সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমকে অনির্বাণ জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি তাকে কষ্ট দেয়। দুই দেশের মধ্যকার এই পরিস্থিতির জন্য তিনি রাজনীতিবিদদের দায় দেখছেন বলেও জানান।
মাস ছয়েক আগেও দুই দেশের মধ্যে বেশ সুন্দর সম্পর্ক ছিল। কিন্তু এখন তা তিক্ত। এ বিষয়টি তাকে ছুঁয়ে যায় কিনা, খারাপ লাগে কিনা জানতে চাইলে অনির্বাণ বলেন―হ্যাঁ, ছুঁয়ে যায়। খারাপ লাগে। কী আর বলব? আমাদের রাজনীতির দায়ভার তো আমরা তুলে দিয়েছি দক্ষিণপন্থী নেতাদের হাতে। পুঁজিবাদী আর দক্ষিণপন্থী মতবাদ, এই করতেই তো আমরা পৃথিবীতে এসেছি। সমস্যা তৈরি করতে, হাঙ্গামা তৈরি করতে।
তার স্পষ্ট ভাষ্য, বাংলাদেশ-ভারতের বর্তমান পরিস্থিতির জন্য রাজনীতিবিদরা দায়ী। তারা তাদের স্বার্থ আদায়ের জন্যই দুই দেশের মধ্যকার সম্পর্ক খারাপ করে তুলেছেন।
তিনি বলেন, এটা রাজনীতির একটা দিক। এটার মাধ্যমে সমাজে যত ধরনের অশান্তি, ব্যবধান তৈরি করা যায়, তা করতে থাকো। আর মুনাফা লুটতে থাকো। ভোট লুটতে থাকো। শিল্পপতির টাকা বাড়তে থাকুক। এসব তো সবাই জানেন।
টালিউডের এ তারকা বলেন, আমার ব্যক্তিগতভাবে রাগ-ঘৃণা কম। আমার মা-বাবা, স্কুল, নাটক-সিনেমার শিক্ষাগুরুরা আমাকে এর উল্টোটাই শিখিয়েছেন। সময় যেমনই হোক না কেন, সেই শিক্ষা আঁকড়েই চলতে চাই আমি। আমি হচ্ছি স্নেহের মানুষ, ভালোবাসার মানুষ, সহমর্মিতার মানুষ। কখনো প্রতিশোধপন্থী নই।
Leave a Reply