শীতকালীন অবকাশ এবং যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষ্যে আগামী ২৩ ডিসেম্বর থেকে ১২ দিনের ছুটিতে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। ক্যাম্পাস বন্ধেও খোলা থাকবে সব আবাসিক হল। এ সময় ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে এবং শিক্ষার্থী ও শ্রমিকদের সঙ্গে রাখতে হবে পাসিং কার্ড।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৩ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত ইবির সব ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। তবে অফিসসমূহ ১ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় বিশ্ববিদ্যালয়ের জরুরি সেবাগুলো যথারীতি চালু থাকবে।
বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিল থেকে পাঠানো পৃথক এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ছুটিকালীন বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ যথারীতি খোলা থাকবে। এ সময় যথাযথ স্বাস্থ্যবিধি মেনে প্রহরীদের দায়িত্ব পালনের নির্দেশনাও দেওয়া হয় বিজ্ঞপ্তিতে।
বহিরাগত প্রবেশ নিষিদ্ধে ক্যাম্পাসসহ আশপাশের এলাকায় ইতোমধ্যে মাইকিং করা হয়েছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী এবং ক্যাম্পাসে কর্মরত শ্রমিকদের সঙ্গে পরিচয়পত্র রাখার নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া দিনে মেইনটেইন গেটের প্রধান ফটক দুটি বন্ধ রাখা এবং ক্যাম্পাসে অবস্থিত দোকানগুলোকে রাত ১১টার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
Leave a Reply