দীর্ঘদিন পর কক্সবাজার সমুদ্রসৈকতে লাখো পর্যটকের ঢল নেমেছে। সৈকতের বালিয়াড়িতে কয়েক লাখ পর্যটকের আগমনে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। সৈকতের তিন কিলোমিটার এলাকাজুড়ে কোথাও তিলধারণের ঠাঁই নেই। সাপ্তাহিক ও বিজয় দিবসের ছুটি উপলক্ষে কক্সবাজারে ভিড় করেছে অন্তত পাঁচ লাখ পর্যটক।
দেশের নানা প্রান্ত থেকে ভ্রমণপিপাসুরা কক্সবাজার সমুদ্রসৈকতে এসেছেন। সৈকতের বুকে আছড়ে পড়া ঢেউয়ে শরীর ভিজিয়ে উচ্ছ্বাস করছেন পর্যটকরা। অনেকে সৈকত পাড়ের ছাতার নিচে বসে সাগরের বিশালতা উপভোগ করছেন।
চলতি মৌসুমে রাজনৈতিক অস্থিরতার কারণে হরতাল-অবরোধ থাকায় কক্সবাজারের পর্যটন শিল্প স্থবির হয়ে পড়ে। তবে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে আবারও চাঙা হয়ে উঠেছে পর্যটন শহর কক্সবাজার। সমুদসৈকতের হোটেল-মোটেল ও রিসোর্টের কোথাও কক্ষ খালি নেই। ১০ ডিসেম্বর থেকে অগ্রিম বুকিং হয়ে গেছে অধিকাংশ হোটেলের কক্ষ। এতে ক্ষতি পুষিয়ে নেওয়ার প্রত্যাশা করছেন পর্যটন ব্যবসায়ীরা।
আজ শনিবার (১৬ ডিসেম্বর) সকালে দেখা যায়, শীতল সাগর, নেই ঢেউয়ের উত্তাপ। সৈকতে ভিড় করছেন লাখো পর্যটক। সাপ্তাহিক ছুটির দিন, তার ওপর মহান বিজয় দিবস। অফিস, আদালত ও শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি ছুটি থাকায় অন্য সপ্তাহের তুলনায় এ সপ্তাহে পর্যটকের বাড়তি আগমন ঘটেছে।
অতিরিক্ত পর্যটক আগমন করায় অনেক অসাধু ব্যবসায়ী হোটেল কক্ষ, রেস্তোরাঁয় খাবারের দাম ও গাড়ি ভাড়ায় অতিরিক্ত টাকা আদায় করার অভিযোগ করছেন পর্যটকরা।
এদিকে পর্যটকের চাপে ব্যস্ততা বেড়েছে সৈকতের ওয়াটার বাইক, বিচ বাইক, ঘোড়াওয়ালা ও ফটোগ্রাফারদের।
পর্যটকদের স্বাগত জানাতে কক্সবাজারের পাঁচ শতাধিক হোটেল, মোটেল, রিসোর্ট ও পর্যটন স্পটগুলো সাজানো হয়েছে নতুন রূপে।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, কয়েকদিন পর্যটকের বাড়তি চাপ থাকবে। বিষয়টি মাথায় রেখে ট্যুরিস্ট পুলিশের সব ইউনিটকে প্রস্তুত রাখা হয়েছে। পোশাকধারীর পাশাপাশি সাদাপোশাকেও ট্যুরিস্ট পুলিশের টিম কাজ করছে। পর্যটকদের নিরাপত্তা ও যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আমরা কাজ করে যাচ্ছি।
Leave a Reply