অটিজম নিয়ে অবদান রাখায় বিশেষ সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ হোসেন। তিনি সূচনা ফাউন্ডেশনের চেয়ারপারসন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালকের মানসিক স্বাস্থ্য ও অটিজম বিষয়ক উপদেষ্টা। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) চতুর্থ সমাবর্তনে তার হাতে এই সম্মানসূচক ডিগ্রি তুলে দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।বিএসএমএমইউয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দন আহমেদ বলেন, ‘আজ সোমবার (১৩ মার্চ) বিকেলে এই সমাবর্তন অনুষ্ঠিত হবে। সেখানেই রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ডক্টরেট ডিগ্রি প্রদান করবেন সায়মা ওয়াজেদ হোসেনকে। সমাবর্তনে অর্থোপেডিক সার্জন অধ্যাপক কাজী শহিদুল আলম এবং ভাইরোলজিস্ট অধ্যাপক নজরুল ইসলামকেও এই ডিগ্রি প্রদান করা হবে।’
অধ্যাপক ডা শারফুদ্দিন আহমেদ বলেন, ‘সায়মা ওয়াজেদ অটিজম নিয়ে কাজ করে বাংলাদেশকে সারা বিশ্বে সুপরিচিত করেছেন। এ বিষয়ে তিনি দীর্ঘদিন কাজ করছেন। এই কারণেই আমরা তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিচ্ছি।’বঙ্গবন্ধুর দৌহিত্রী সায়মা ওয়াজেদ ১৯৯৭ সালে যুক্তরাষ্ট্রের ব্যারি বিশ্ববিদ্যালয় থেকে মনোবিজ্ঞানে স্নাতক এবং ২০০২ সালে ক্লিনিক্যাল মনস্তত্ত্বে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০০৪ সালে স্কুল সাইকোলজির ওপর বিশেষজ্ঞ ডিগ্রি অর্জন করেন তিনি। ব্যারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সময় সায়মা ওয়াজেদ বাংলাদেশের নারীদের উন্নয়নের ওপর গবেষণা করেন। এ বিষয়ে তার গবেষণাকর্ম ফ্লোরিডার অ্যাকাডেমি অব সায়েন্সের কাছ থেকে শ্রেষ্ঠ সায়েন্টিফিক উপস্থাপনা হিসেবে স্বীকৃতি লাভ করে।
সায়মা ওয়াজেদ ২০০৮ সাল থেকে শিশুদের অটিজম এবং স্নায়ুবিক জটিলতা সংক্রান্ত বিষয়ের ওপর কাজ করছেন। তিনি ২০১১ সালে ঢাকায় অটিজম বিষয়ক প্রথম দক্ষিণ এশীয় সম্মেলন আয়োজন করেন। ২০১৩ সাল থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় মানসিক স্বাস্থ্যের বিশেষজ্ঞ পরামর্শক হিসেবে কাজ করছেন। যার স্বীকৃতিস্বরূপ বিশ্ব সংস্থা কর্তৃক ২০১৪ সালে ডব্লিউএইচও এক্সিলেন্স পুরস্কারে ভূষিত হন সায়মা ওয়াজেদ।বিএসএমএমইউয়ের চতুর্থ সমাবর্তন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে সোমবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ।অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ভারতের বিহার রাজ্যের ইউনিভার্সিটি সার্ভিস কমিশনের চেয়ারম্যান অধ্যাপক রাজবর্ধন আজাদ সমাবর্তন বক্তা হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
Leave a Reply