ফরিদপুর : ফরিদপুরে করোনায় শনাক্তের হার ৪৫.৯৫, প্রাণহানি ৫ । গত ২৪ ঘন্টায় ফরিদপুর পিসিআর ল্যাবে ৩৭০ নমুনা পরীক্ষার মধ্যে শনাক্ত হয়েছে ১৭০ জন আর এই সময়ে করোনায় মারা গেছে পাঁচ ব্যক্তি। শনাক্তের হার ৪৫.৯৫ ।
চট্রগ্রাম : চট্টগ্রামে করোনায় আরো ৫ মৃত্যু, শনাক্তের রেকর্ড ৫৫২।করোনা ভাইরাসের প্রকোপ কোনোভাবেই কমছে না। অদৃশ্য এ ভাইরাসে দিন দিন বাড়ছে শনাক্তের সংখ্যা। এরই ধারাবাহিকতায় অতীতের সব রেকর্ড ভেঙে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ৫৫২ জনের শরীরে করোনা ভাইরাসের (কোভিড-১৯) অস্তিত্ব মিলেছে।এ নিয়ে চট্টগ্রামে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫৯ হাজার ৩১৬ জন। করোনা শনাক্তের হার ২৬.৭৭ শতাংশ। এর আগে গত ১২ এপ্রিল সর্বোচ্চ ৫৪১ জনের করোনা শনাক্ত হয়েছিল।এছাড়াও গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে করোনায় মোট মারা গেছেন ৭০৬ জন।
আজ বৃহস্পতিবার (১ জুলাই ) সকালে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
খুলনা : করোনায় খুলনা বিভাগে রেকর্ড ৩৯ জনের মৃত্যু ।করোনায় আক্রান্ত হয়ে খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৩৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ২৪৫ জনের।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে কুষ্টিয়ায় সাত জন, যশোরে সাতজন, খুলনায় আট জন, ঝিনাইদহে চার জন, সাতক্ষীরায় চার জন, মেহেরপুরে তিন জন, নড়াইলে তিন জন, চুয়াডাঙ্গায় দুজন ও বাগেরহাটে একজন মারা গেছেন।
খুলনা বিভাগের মধ্যে পথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৫৭ হাজার ৫২০ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ১০৫ জন। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৮ হাজার ৯৩০ জন।
এদিকে, করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে শয্যা সংকট দেখা দিয়েছি। সংকট দেখা দিয়েছে অক্সিজেনের। ফলে রোগীদের দুর্ভোগে পড়তে হচ্ছে।
নওগাঁ : নওগাঁয় করোনায় ৫ জনের মৃত্যু, শনাক্ত ১১০ ।নওগাঁয় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত একদিনে সব্বোর্চ ৫ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮২ জনে।
এছাড়াও এ ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১১০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার শতকরা ৩৫ দশমিক ৭ শতাংশ। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৬০০ জনে দাঁড়িয়েছে। আজ বৃহস্পতিবার (১ জুলাই) বেলা ১১টায় ডেপুটি সিভিল সার্জন ডা. মঞ্জুর-এ মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
ডেপুটি সিভিল সার্জন জানান, গত বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় র্যাপিড অ্যান্টিজেনে ২০৫ টেস্টের মধ্যে ৪৪ জন ও আরটিপিসিআরের ১০৩ টেস্টের মধ্যে ৬৬ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ের মধ্যে জেলায় একদিনে সব্বোর্চ ৫ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিদের মধ্যে পত্নীতলা উপজেলার দুই, বদলগাছীর এক, রাণীনগররের এক ও আত্রাইয়ের একজন আছেন।
এছাড়া, ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৭৫ জন সুস্থসহ মোট সুস্থ হয়েছে ৩ হাজার ২৪০ জন।
টাঙ্গাইল : টাঙ্গাইলে করোনা আক্রান্ত ও উপসর্গে ১৬ জনের মৃত্যু । ২৪ ঘণ্টায় টাঙ্গাইলে করোনাভাইরাসে আক্রান্ত ও উপসর্গে নিয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনার উপসর্গ নিয়ে ৯ জন ও করোনায় আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে।
এছাড়া গেল ২৪ ঘণ্টায় ৬২৮টি নমুনা পরীক্ষায় ২৫৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪০.৯২ ভাগ। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা.আবুল ফজল মো.শাহাবুদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নমুনা পরীক্ষা বৃদ্ধির সাথে সাথে আক্রান্তের সংখ্যা বাড়ছে। তবে কয়েক দিনে মৃত্যু না থাকলেও গেলো ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা বেড়ে গেছে।
দিনাজপুর : দিনাজপুরে করোনায় ৪ জনের মৃত্যু, শনাক্ত ১৫১।দিনাজপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১৭১ জন।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ১৫১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দিনাজপুরে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮ হাজার ৬১৯ জন। আজ বৃহস্পতিবার (০১ জুলাই) সকালে দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত চারজনের মধ্যে সদর উপজেলার তিনজন এবং খানাসামা উপজেলার একজন রয়েছেন। সিভিল সার্জন জানান, ২৪ ঘণ্টায় ৩৯৫ জনের নমুনা পরীক্ষা করে ১৫১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সদর উপজেলার ৭৮ জন, হাকিমপুর উপজেলার তিনজন, বিরামপুরের চারজন, বিরলের ১০ জন, বীরগঞ্জের একজন, বোচাগঞ্জের তিনজন, চিরিরবন্দরের দুইজন, ফুলাবাড়ির ৩৫ জন, নবাবগঞ্জের দুইজন ও পার্বতীপুর উপজেলার ১৩ জন রয়েছেন। ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৩৮ দশমিক ২২ শতাংশ।
ময়মনসিংহ : ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে ৮ জনের মৃত্যু ।ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে করোনায় চারজন ও উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এছাড়া জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। গতকাল বুধবার (৩০ জুন) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৮টা পর্যন্ত করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন মমেক হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালট্যান্ট ও করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।
তিনি বলেন, ‘হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনায় চারজন ও উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। এদিকে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৭৮ জন ও সুস্থ বাড়ি ফিরেছেন ২৯ জন। বর্তমানে করোনা ইউনিটে চিকিৎসাধীন আছেন ২২২ জন।
ময়মনসিংহ জেলা সিভিল সার্জন মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ‘মমেক হাসপাতালের পিসিআর ল্যাবে ও অ্যান্টিজেন টেস্টে ৪৪৩টি নমুনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১২৯ জনের।
Leave a Reply