বগুড়ার দুপচাঁচিয়ার আলতাফনগরে ট্রেনের ধাক্কায় কাজল চন্দ্র দাস(৩২) নামের এক ফল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত কাজল দুপচাঁচিয়া পৌর এলাকার পূর্ববোরাই কালীতলা মহল্লার ধনঞ্জয় চন্দ্র দাসের ছেলে। গতকাল ১২ নভেম্বর শনিবার সকাল পৌনে ১০টায় আলতাফনগর স্টেশনের অদূরে এ ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার দিন উপজেলার আলতাফনগর রেলস্টেশনের পূর্বপার্শ্বে আউটার সিগনাল সংলগ্ন এলাকায় সান্তাহার হতে ঢাকাগামী আন্তঃনগর করতোয়া আপ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় কাজলের মাথা ও কানে প্রচন্ড আঘাত লেগে ছিটকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান। কাজল দুই সন্তানের জনক ও বিভিন্ন হাটবাজারে ফল বিক্রি করতেন। স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যুর বিষয়টি তিনি শুনেছেন বলে জানান। সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply