উত্তরাঞ্চলের অন্যতম বড় চালের মোকাম পাবনার ঈশ্বরদীতে অস্বাভাবিকভাবে চালের দাম বেড়েছে। চার দিনের ব্যবধানে মোটা ও চিকন চালের দাম বস্তাপ্রতি (৫০ কেজির বস্তা) ২০০ থেকে ২৫০ টাকা এবং খুচরা বাজারে প্রতি কেজি চাল ৫ থেকে ৬ টাকা পর্যন্ত বেড়েছে।চাল ব্যবসায়ীরা বলছেন, জ্বালানি তেলের দাম হঠাৎ বাড়ার পর মোকামের হাটবাজারেও ধানের দাম বেড়েছে। একই সঙ্গে মোকাম থেকে ধান পরিবহনের খরচ বেড়েছে প্রায় দ্বিগুণ। এ কারণে চালের দাম বেড়েছে। ব্যবসায়ীদের ধারণা, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারলে চালের দাম আরও বাড়তে পারে।
ব্যবসায়ীরা জানান, গত সোমবার থেকে ঈশ্বরদীর জয়নগর মোকামের পাইকারি বাজারে মিনিকেট চালের দাম ছিল ৩ হাজার ২০০ টাকা বস্তা (৫০ কেজি)। গতকাল শুক্রবার সকালে তা বেড়ে বিক্রি হয়েছে ৩ হাজার ৪০০ টাকায়। একইভাবে বাসমতী চাল ৩ হাজার ৪০০ থেকে বেড়ে ৩ হাজার ৬০০ টাকায়, বি-আর ২৮ চাল ২ হাজার ৮০০ থেকে ৩ হাজার ৩০০ এবং বি-আর-২৯ চাল ২ হাজার ৫৫০ থেকে ২ হাজার ৮০০ টাকায় বিক্রি হয়েছে।একইভাবে স্থানীয় খুচরা বাজারে প্রতি কেজি চালের দাম ৩ থেকে ৪ টাকা পর্যন্ত বেড়েছে। এর মধ্যে খুচরা বাজারে প্রতি কেজি মিনিকেট ৬০ থেকে ৬৪, বাসমতী ৭২ থেকে ৭৪, বিআর-২৮ চাল ৫২ থেকে ৫৫, বিআর-২৯ চাল ৫০ থেকে ৫২ টাকায় বিক্রি হচ্ছে।
Leave a Reply