গাজীপুরের টঙ্গীতে জিহাদী বইসহ জামায়াতে ইসলামীর তিন নেতাকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। রোববার সন্ধ্যায় স্থানীয় এরশাদনগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, গাজীপুর সিটি করপোরেশনের ৪৯ নং ওয়ার্ড দক্ষিনের আমীর চাঁদপুর জেলার মতলব (উত্তর) থানার নাউরী গ্রামের মৃত আ: সাত্তারের ছেলে রহমত উল্লা (৫১), একই ওয়ার্ডের উত্তরের আমীর এরশাদনগর ৫নং ব্লকের মৃত রফিকুল ইসলামের ছেলে আবু সুফিয়ান (৩২) ও টঙ্গী পূর্ব থানা জামায়াত ইসলামীর আইন বিষয়ক সম্পাদক এরশাদনগর ৫নং ব্লকের মৃত মোহাম্মদ হোসেনের ছেলে তাজুল ইসলাম (৫০)।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন স্থানীয় পুলিশের নজরদারিতে থাকার পর রোববার গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর সিটির ৪৯ নং ওয়ার্ডে একটি অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে ওই ওয়ার্ডের জামায়াত ইসলামীর দক্ষিনের আমীর রহমত উল্লা, উত্তরের আমীর আবু সুফিয়ান ও টঙ্গী পূর্ব থানা জামায়াত ইসলামীর আইন বিষয়ক সম্পাদক তাজুল ইসলামকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন ও বেশ কিছু জিহাদী বই উদ্ধার করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার হাসিবুল আলম গ্রেফতারের বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে অভিযান চলমান রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a Reply