সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে বাংলাদেশের যুবারা। ভুবনেশ্বরে ২-১ গোলে ভারতের তরুণদের হারিয়েছে লাল সবুজের উত্তরসূরিরা। প্রথমার্ধের ২-১ গোলের লিড ধরে রেখেই বাংলাদেশ তুলে নিয়েছে দারুণ জয়।এদিন ম্যাচের শুরু থেকেই দারুণ খেলা বাংলাদেশকে ম্যাচের ২৯ মিনিটে লিড এনে দেন ফরোয়ার্ড পিয়াস আহমেদ নোভা। ইমরান খানের লং বল ধরে এক ডিফেন্ডারকে কাটিয়ে বাঁপায়ের দারুণ প্লেসিংয়ে দলকে গোল এনে দেন তিনি।
৩৫ মিনিটে অবশ্য সমতায় ফিরেছিল ভারত। কিন্তু ৪৫ মিনিটে পেনাল্টি পায় বাংলাদেশ। স্পটকিকে দল ও নিজের দ্বিতীয় গোলটি করেন নোভা।প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় দুদল। দ্বিতীয়ার্ধে নিজেদের লিড ধরে রাখতে কৌশলী ফুটবল খেলে স্মলির শিষ্যরা।দ্বিতীয়ার্ধে দুই দলই গোলের সুযোগ পেয়েছিল। কিন্তু স্কোরবোর্ডের সংখ্যা আর বদলায়নি। ম্যাচটি ছিল তুমুল উত্তেজনাপূর্ণ। দুইবার ম্যাচে হয়েছে হাতাহাতি। দুইবার ভারতের খেলোয়াড়রা বাংলাদেশের একাধিক খেলোয়াড়কে ধাক্কা দিয়েছেন।বাংলাদেশ দুটি পরিবর্তন করলেও আক্রমণ বাড়াতে ভারত চার চারজন খেলোয়াড় পরিবর্তন করে। তবে স্বাগতিকরা আর ম্যাচে ফিরতে পারেনি। বাংলাদেশের এটি দ্বিতীয় জয়। দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশ টেবিলের শীর্ষে। এই জয়ে ফাইনালের পথে অনেকটা এগিয়ে গেলো বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ মো. আসিফ, তানভীর হোসেন, শাহীন মিয়া, আজিজুল হক, ইমরান খান, রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম, পিয়াস আহমেদ নোভা, মইনুল ইসলাম (জনি), নাহিয়ান (হাসান জুম্মন নিঝুম) ও আক্কাস আলী।
Leave a Reply