খোলাবাজারে টাকার বিপরীতে এক দিনের ব্যবধানে প্রতি ডলার রেকর্ড ৬ থেকে ৮ টাকা বেড়ে ১১২ টাকায় উঠেছে।আগের দিন সোমবারও এই বাজার থেকে এক ডলার কিনতে খরচ হয়েছিল ১০৪ থেকে ১০৬ টাকা।
এ দামেও আশানুরূপ ডলার মিলছে না। এর আগে কখনও এক দিনে ডলারের দর এত বেড়ে এ পর্যায়ে ওঠেনি।মতিঝিল যমুনা মানি এক্সচেঞ্জের স্বত্বাধিকারী আনিসুজ্জামান বলেন, ‘বাজারে ডলারের সংকট। আজ ১১২ টাকা করে বিক্রি হচ্ছে। অথচ এক দিন আগেও ১০৫ টাকা করে বিক্রি হয়েছে।’এক দিনের ব্যবধানে এত দাম বাড়ার কারণ কী জানতে চাইলে তিনি বলেন, ‘বাজারে ডলারের দাম উন্মুক্ত করে দেয়ার পর দাম বাড়ছেই৷ আর চাহিদা অনুযায়ী পর্যাপ্ত ডলার নেই। অনেকে ডলার কিনে ধরে রাখতে চাইছে। অনেকে ডলার কিনতে এলেও সবাইকে দেয়া সম্ভব হয়নি।’সংশ্লিষ্টরা জানান, খোলাবাজার থেকে যে কেউ ডলার কিনতে পারেন। ব্যাংক থেকে কিনতে পাসপোর্ট এনডোর্সমেন্ট করতে হয়। যে কারণে অনেকে এখন খোলাবাজার থেকে ডলার কিনে শেয়ারবাজারের মতো বিনিয়োগ করছেন, যা অবৈধ।কার্ব মার্কেটের ব্যবসায়ীরা বলছেন, খোলাবাজারে তীব্র সংকট রয়েছে ডলারের। ব্যাংকের মতো খোলাবাজারেও ডলারের সংকট দেখা দিয়েছে। প্রবাসীদের দেশে আসা কমেছে, বিদেশি পর্যটকরাও কম আসছেন। এ কারণে ডলারের সরবরাহ কম।
খোলাবাজারে ডলারের সর্বোচ্চ দর ওঠে গত রোববার। ওইদিন খোলাবাজারে ডলারের দর ১০৫ টাকায় উঠেছিল। সেখান থেকে সোমবার আবার ১ টাকা কমে ১০৪ টাকায় বিক্রি হয়।খোলাবাজারের সঙ্গে ব্যাংকের আমদানি, রপ্তানি ও রেমিট্যান্সেও ডলারের দর অনেক বেড়েছে।বেশ কিছুদিন ধরেই যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলারের বিপরীতে টাকার মান কমছে। সোমবার আন্তব্যাংক মুদ্রাবাজারে বাংলাদেশি মুদ্রা টাকার বিপরীতে ডলারের দর আরও ২৫ পয়সা বেড়েছে। প্রতি ডলার ৯৪ টাকা ৭০ পয়সায় বিক্রি হয়েছে। অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের কাছে ব্যাংকগুলো এই দরে ডলার কিনেছে।গত এক বছরে আন্তব্যাংক দর ৯ টাকা ৯০ পয়সা বেড়েছে।
Leave a Reply