নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব করপোরেশনের সেজান জুসের কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ও আহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে অগ্নিকাণ্ড কেন ঘটেছে, কারা দায়ী এ বিষয়ে এক মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলেছেন আদালত। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ, নারায়ণগঞ্জের ডিসি ও শ্রম মন্ত্রণালয়ের কারখানা পরিদর্শককে এই প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।সোমবার (৭ নভেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন, ব্যারিস্টার অনিক আর হক ও ব্যারিস্টার শারমিন আক্তার শিউলী।গত ১০ জুলাই নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুসের কারখানায় অগ্নিকাণ্ডে নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে এক কোটি টাকা ও আহতদের ৩৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। রিটে তাৎক্ষণিকভাবে নিহত প্রত্যেক শ্রমিকের পরিবারকে ১০ লাখ ও আহতদের জন্য ৫ লাখ টাকা করে দিতে বলা হয়।মানবাধিবার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক), বাংলাদেশ লিগ্যাল অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ও সেফটি অ্যান্ড রাইটস সোসাইটি রিট আবেদনটি করে।গত ৮ জুলাই বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের সেজান জুস কারখানার ছয়তলা ভবনে লাগা আগুনে ৫২ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২৫ জন শ্রমিক।
Leave a Reply