সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত সেবা নিতে গিয়ে পর্তুগাল প্রবাসী এক যুবক লাঞ্ছিত হওয়ার অভিযোগে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক কমিউনিটি সংগঠন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে।
গতকাল শুক্রবার (৪ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনের নেতৃবৃন্দ এ ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করেন। অভিযোগ অনুযায়ী, সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীন সবার সামনে ওই প্রবাসী যুবকের দুই গালে চড় মারেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, প্রবাসীরা বিদেশে দিনরাত পরিশ্রম করে কষ্টার্জিত অর্থ দেশে পাঠিয়ে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। অথচ নিজ দেশে সরকারি সেবা নিতে এসে তাদের শারীরিক ও মানসিকভাবে হয়রানি বা লাঞ্ছনার শিকার হওয়া অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত।
তারা বলেন, সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে একজন জ্যেষ্ঠ কর্মকর্তার হাতে প্রবাসী যুবকের লাঞ্ছিত হওয়ার অভিযোগ প্রবাসীদের অধিকার, মর্যাদা ও সম্মানের ওপর সরাসরি আঘাত। এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া জরুরি।
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনর ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করে অভিযোগ প্রমাণিত হলে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীনের বিরুদ্ধে বিভাগীয় ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
একই সঙ্গে সরকারি অফিসগুলোতে প্রবাসীদের হয়রানি ও হেনস্তা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন সংগঠনের নেতৃবৃন্দ। তারা বলেন, প্রবাসীদের অধিকার ও স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হলে ভবিষ্যতে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
এদিকে, ভুক্তভোগী প্রবাসীর অভিযোগ, পর্তুগাল থেকে দেশে ফিরে এনআইডি-সংক্রান্ত জটিলতা সমাধানের জন্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে যান তিনি। সেখানে এনআইডি সমস্যার সমাধান না করে কথাকাটাকাটির একপর্যায়ে তাকে সবার সামনে অপমান ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। তার দাবি, ওই সময় তার দুই গালে চড় মারা হয়।
এ ঘটনায় স্থানীয় সেবা প্রত্যাশীদের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
যৌথ বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের প্যাট্রন বিশিষ্ট শিক্ষাবিদ ড. হাসনাত এম হোসেইন এমবিই, প্যাট্রন ও সিনিয়র সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী, সাবেক চেয়ারপার্সন ও বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম মাহবুব, সাবেক সেক্রেটারি ও ১৯৭১-এর বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর, কেন্দ্রীয় কনভেনর মোহাম্মদ মকিস মনসুর, কো-কনভেনর আলহাজ্ব মসুদ আহমদ, সদস্য সচিব ড. মুজিবুর রহমান এবং অর্থ সচিব এম আসরাফ মিয়া।
এছাড়া সাউথ ইস্ট রিজিওনাল কনভেনর হারুনুর রশিদ, কো-কনভেনর জামাল হোসেন, সদস্য সচিব তাজুল ইসলামসহ সংগঠনের অন্যান্য কেন্দ্রীয় ও রিজিওনাল নেতৃবৃন্দ বিবৃতিতে নিন্দা ও প্রতিবাদ জানান।
Leave a Reply