রাবারের নৌকায় করে অবৈধভাবে উত্তর আফ্রিকা থেকে ইউরোপ যাওয়ার পথে গ্রিস উপকূলে অন্তত ১৮ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (২৯ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মর্মান্তিক এ ঘটনায় গভীর উদ্বেগও প্রকাশ করেছেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
বিবৃতিতে তিনি বলেন, ‘গত শুক্রবার (২৭ মার্চ) উত্তর আফ্রিকা থেকে ইউরোপগামী নৌকায় গ্রিস উপকূলে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১৮ বাংলাদেশিসহ ২২ অভিবাসীর অকাল মৃত্যুতে আমরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। এটি সত্যিই অত্যন্ত হৃদয়বিদারক। আমরা নিহতদের রূহের মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবার ও আত্মীয়স্বজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
মিয়া গোলাম পরওয়ার বলেন, জীবনঝুঁকি নিয়ে অবৈধভাবে সমুদ্রপথে যাত্রা করা অভিবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলোর দ্রুত এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। আমরা আশা করি, এ ধরনের অনাকাঙ্ক্ষিত বিপর্যয় প্রতিরোধে মানবিক ও স্থায়ী সমাধান বাস্তবায়ন করা হবে। কারণ, অভিবাসী সমস্যার স্থায়ী ও মানবিক সমাধান ছাড়া এ ধরনের বিপর্যয় থামানো সম্ভব হবে না।
বিবৃতিতে জামায়াতের এই সেক্রেটারি জেনারেল বলেন, আমি অভিবাসীদের নিরাপত্তা নিশ্চিতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট দেশসমূহের সরকার ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর প্রতি জোরালো আহ্বান জানাচ্ছি। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ প্রদানে বাংলাদেশসহ সংশ্লিষ্ট দেশের সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছি।
উল্লেখ্য, নৌকাটি গত ২১ মার্চ লিবিয়ার তোবরুক বন্দর থেকে গ্রিসের উদ্দেশে রওনা দেয়। ছয় দিন ধরে খাবার ও পানীয় ছাড়াই সমুদ্রে ভাসতে থাকায় যাত্রীরা দিকভ্রান্ত হয়ে পড়েন। পরবর্তীতে প্রতিকূল আবহাওয়া, খাদ্য ও পানির সংকটে অন্তত ১৮ বাংলাদেশিসহ মোট ২২ জনের মৃত্যু হয়। এছাড়া ২১ জন বাংলাদেশি, চারজন দক্ষিণ সুদানের নাগরিক এবং একজন চাদের নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
Leave a Reply