বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আইন বিষয়ক সম্পাদকসহ সব পর্যায়ের পদ থেকে পদত্যাগ করেছেন ব্যারিস্টার কায়সার কামাল। জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে নিরপেক্ষ দায়িত্ব পালনের জন্য বৃহস্পতিবার (১২ মার্চ) স্বেচ্ছায় দলীয় চেয়ারম্যান বরাবর পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি।
পদত্যাগপত্রে ব্যারিস্টার কায়সার কামাল উল্লেখ করেছেন, আমি বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায় নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের জন্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সম্পাদকসহ দলের সব পর্যায়ের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম।
এদিকে একই দিন স্পিকার নির্বাচিত হওয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্যপদ থেকে পদত্যাগ করার কথা জানিয়েছেন হাফিজ উদ্দিন আহমদ। তারও আগে ত্রয়োদশ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার হিসেবে হাফিজ উদ্দিন আহমদ ও কায়সার কামালের নাম ঘোষণা করা হয়।
উল্লেখ্য, বৃহস্পতিবার বেলা ১১টায় ত্রয়োদশ সংসদের অধিবেশন শুরু হয়। পরে সংসদ নেতা তারেক রহমান অধিবেশনের সভাপতি হিসেবে দলের জ্যেষ্ঠ নেতা ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করেন। তার প্রস্তাবে দলের পক্ষ থেকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিরোধী দল জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সায় দেন।
পরে সভাপতি মোশাররফ হোসেন সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকারের নাম ঘোষণা করেন। এরপর তাদের শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
Leave a Reply