ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনার হত্যাকাণ্ডের ঘটনায় দুই শিক্ষক ও এক কর্মকর্তাকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত পৃথক তিনটি অফিস আদেশে এ তথ্য জানানো হয়।সাময়িকভাবে বহিষ্কৃতরা হলেন- সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার, সহকারী অধ্যাপক হাবিবুর রহমান এবং একই বিভাগের সাবেক কর্মকর্তা ও বর্তমান উম্মুল মু’মিনিন আয়েশা সিদ্দিকা হলের সহকারী রেজিস্ট্রার বিশ্বজিৎ কুমার বিশ্বাস।
অফিস আদেশে বলা হয়, গত ৪ মার্চ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনার হত্যাকাণ্ডের ঘটনায় ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ধারা ১৫৪ অনুযায়ী থানায় দায়ের করা মামলার প্রাথমিক তথ্যে তাদের নাম উল্লেখ রয়েছে। এ প্রেক্ষিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের চাকরি শৃঙ্খলা বিধির ১৫(বি) ধারা অনুযায়ী তাদের গত ৫ মার্চ থেকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী তারা জীবনধারণ ভাতা পাবেন বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক বলেন, মামলার এজাহারে যাদের নাম এসেছে, বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বিধি অনুযায়ী তাদের সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
Leave a Reply