চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)-এর সহযোগিতায় প্রথমবারের মত ক্যাম্পাসে চালু হলো ২৪/৭ জরুরি হেল্পলাইন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ হেল্পলাইনের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. কামাল উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন চাকসুর আইন ও মানবাধিকার সম্পাদক ফজলে রাব্বি তৌহিদ, নির্বাহী সদস্য সোহানুর রহমান সহ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিনিধিরা।
জরুরি হেল্পলাইন সেবায় থাকছে মেডিকেল সেবা, প্রক্টর অফিস, নিরাপত্তা দপ্তর, ইঞ্জিনিয়ারিং অফিস, আইসিটি সেল, ভর্তি পরীক্ষা সংক্রান্ত তথ্য এবং অন্যান্য জরুরি সেবা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. কামাল উদ্দিন বলেন, এ ২৪/৭ জরুরি হেল্পলাইন শিক্ষার্থীদের নিরাপত্তা ও জরুরি সেবা নিশ্চিত করবে এবং ক্যাম্পাসে সেবার মান উন্নয়নে সহায়ক হবে। আমি আশা করি, শিক্ষার্থীরা এই সুযোগ সঠিকভাবে ব্যবহার করবে এবং এটি তাদের দৈনন্দিন জীবনে সহায়তা করবে।
এ সময় চাকসুর আইন ও মানবাধিকার সম্পাদক ফজলে রাব্বি তৌহিদ বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগে জরুরি হেল্পলাইন না থাকার কারণে নানা গুরুত্বপূর্ণ সেবা থেকে বঞ্চিত হতো। নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতির অংশ হিসেবে আমরা প্রতিজ্ঞা করেছিলাম যে, চবিতে ২৪/৭ জরুরি হেল্পলাইন চালু করব। এ উদ্যোগে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ।
Leave a Reply