অস্ট্রেলিয়ায় পড়াশোনার স্বপ্ন দেখেন অনেক শিক্ষার্থী। সেই স্বপ্ন বাস্তবে রূপ দেয়ার বড় সুযোগ এনে দিয়েছে ইউনিভার্সিটি অব মেলবোর্ন। ২০২৬ শিক্ষাবর্ষের জন্য বিশ্ববিদ্যালয়টি সম্পূর্ণ অর্থায়িত গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপ ঘোষণা করেছে। এই স্কলারশিপের আওতায় মাস্টার্স বাই রিসার্চ ও পিএইচডি পর্যায়ে শিক্ষার্থীরা বিনা টিউশন ফিতে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ পাবেন।
ইউনিভার্সিটি অব মেলবোর্ন অস্ট্রেলিয়ার অন্যতম প্রাচীন ও শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়। ১৮৫৩ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি বিশ্বমানের শিক্ষা, আধুনিক গবেষণাগার ও অভিজ্ঞ শিক্ষকদের জন্য আন্তর্জাতিক অঙ্গনে সুপরিচিত। প্রতি বছর বিভিন্ন বৈশ্বিক র্যাঙ্কিংয়েও বিশ্ববিদ্যালয়টি শীর্ষ অবস্থানে থাকে।
স্কলারশিপের সুবিধা
এই বৃত্তির আওতায় গবেষণাভিত্তিক মাস্টার্স প্রোগ্রামের জন্য সর্বোচ্চ দুই বছর এবং পিএইচডি প্রোগ্রামের জন্য সর্বোচ্চ চার বছর পর্যন্ত সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। পাশাপাশি জীবনযাত্রার ব্যয় নির্বাহে শিক্ষার্থীরা বছরে প্রায় ৩৯ হাজার ৫০০ অস্ট্রেলিয়ান ডলার (বাংলাদেশি মুদ্রায় ৩৩ লাখ ৮৩ হাজার টাকা) ভাতা পাবেন। মাস্টার্স বাই রিসার্চে সর্বোচ্চ দুই বছর এবং ডক্টরাল পর্যায়ে সর্বোচ্চ সাড়ে তিন বছর পর্যন্ত এই ভাতা প্রদান করা হবে। নির্দিষ্ট শর্তসাপেক্ষে অসুস্থতা, মাতৃত্ব ও প্যারেন্টিং লিভের সুবিধাও এতে অন্তর্ভুক্ত রয়েছে।
কারা আবেদন করতে পারবেন
মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের এই গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপ সব দেশের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। যাঁরা মাস্টার্স বাই রিসার্চ অথবা পিএইচডি বাই রিসার্চ প্রোগ্রামে ভর্তির যোগ্যতা রাখেন, তারা আবেদন করতে পারবেন। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের কোনো গ্র্যাজুয়েট রিসার্চ প্রোগ্রামে অধ্যয়নরত শিক্ষার্থীরাও এই স্কলারশিপের জন্য বিবেচিত হবেন।
প্রয়োজনীয় কাগজপত্র
আবেদনের সময় প্রার্থীদের বৈধ পাসপোর্ট, একাডেমিক সনদ ও ট্রান্সক্রিপ্ট, হালনাগাদ সিভি, গবেষণা প্রস্তাবনা বা স্টাডি প্ল্যান, সুপারিশপত্র, ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণ (যদি প্রযোজ্য হয়) এবং সংশ্লিষ্ট গ্র্যাজুয়েট রিসার্চ প্রোগ্রামে ভর্তির আবেদনসংক্রান্ত তথ্য জমা দিতে হবে।
যেসব বিষয়ে পড়ার সুযোগ মিলবে
এই স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা কলা ও সমাজবিজ্ঞান থেকে শুরু করে কৃষি, ব্যবসায় প্রশাসন, অর্থনীতি, প্রকৌশল, পরিবেশ বিজ্ঞান, স্বাস্থ্য ও চিকিৎসা, কম্পিউটার সায়েন্স, তথ্যপ্রযুক্তি, আইন, সংগীত, ভিজ্যুয়াল ও পারফর্মিং আর্টস, ভেটেরিনারি বিজ্ঞানসহ বিজ্ঞানের বিভিন্ন শাখায় উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ পাবেন।
আবেদন করবেন যেভাবে
আগ্রহী প্রার্থীরা ইউনিভার্সিটি অব মেলবোর্নের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ৩১ অক্টোবর ২০২৬।
Leave a Reply