গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয় জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, রাত পৌনে ১০টার দিকে দুইটি মোটরসাইকেলে করে চারজন ব্যক্তি এসে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক দেখা দেয়। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীবসহ বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আরিফুজ্জামান রাজীব বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে এ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
এদিকে, পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে যায়। ককটেল বিস্ফোরণে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে।
Leave a Reply