আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম বলেছেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে জনগণের সরকার গঠন করা হবে, যেখানে কোনও বৈষম্য থাকবে না। আমাদের নেতা তারেক রহমান বলেছেন সবার আগে বাংলাদেশ। দেশের প্রতিটি মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাকে প্রধানমন্ত্রী বানাতে হবে। তিনি প্রধানমন্ত্রী হলে বেকারত্ব নিরসনসহ দেশের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার দক্ষিণ ঝলম ইউনিয়নের প্রতাপপুর এলাকায় আয়োজিত এক নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবুল কালাম বলেন, স্বৈরাচার শেখ হাসিনার মধ্যে কোনও মনুষ্যত্ব ছিল না। সে তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে তার ক্যান্টনমেন্টের বাসা থেকে বের করে দিয়েছিল। মিথ্যা মামলায় বেগম জিয়াকে জেলে ঢুকিয়ে রেখেছিল। অসুস্থ বেগম জিয়াকে চিকিৎসা নিতে দেয়নি।
তিনি আরও বলেন, আমাদের নেতা তারেক রহমান বলেছেন সবার আগে বাংলাদেশ। দেশের প্রতিটি মানুষের অধিকার প্রতিষ্ঠায় তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হবে। তারেক রহমান প্রধানমন্ত্রী হলে দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হবে। বেকারত্ব নিরসনসহ যাবতীয় উন্নয়ন করা হবে।
বিএনপির এই প্রার্থী বলেন, আমি নির্বাচিত হলে লাকসাম এবং মনোহরগঞ্জের শিক্ষা, চিকিৎসা এবং যোগাযোগ ব্যবস্থায় সবচেয়ে বেশি অগ্রাধিকার দেয়া হবে। এই দুই উপজেলার চাঁদাবাজ, সন্ত্রাস, দখলবাজ এবং মাদক বলতে কিছু থাকবে না। আপনাদের সঙ্গে নিয়ে এসব অপকর্ম প্রতিহত করব।
তিনি বলেন, মনোহরগঞ্জে একটি গার্লস কলেজ প্রতিষ্ঠা করা হবে। ধানের শীষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রতীক। এই প্রতীকের পবিত্রতা রাখতে হবে। দল আমাকে মনোনয়ন দিয়েছে। আমি ধানের শীষকে আপনাদের কাছে আমানত হিসেবে রাখলাম। ইনশাআল্লাহ ১২ ফেব্রুয়ারি ধানের শীষের নিরঙ্কুশ বিজয় হবে।
এ সময় মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ইলিয়াস পাটোয়ারীর সভাপতিত্বে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারওয়ার জাহান দোলন, বিএনপি নেতা মোবারক উল্লাহ মজুমদার, ড. রশিদ আহমেদ হোসাঈনীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply