বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য বৈষম্যহীন, সম্মানসূচক এবং সময়োপযোগী বেতন কাঠামো প্রণয়নের দাবি জানিয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষকদের সংগঠন ‘সাদা দল’। বুধবার (২১ জানুয়ারি) সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মিজানুর রহমান সাক্ষরিত এক বিবৃতিতে জাতীয় বেতন কমিশনের নিকট এ দাবি জানানো হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, জাতীয় বেতন কমিশন-২০২৫ কর্তৃক গৃহীত বর্তমান কার্যক্রমে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের নায্য দাবি, পেশাগত মর্যাদা ও বাস্তবতা যথাযথভাবে প্রতিফলিত হয়নি।বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য একটি বৈষম্যহীন, সম্মানজনক ও সময়োপযোগী বেতন কাঠামো প্রণয়নের প্রত্যাশা নিয়ে কমিশন কাজ শুরু করলেও বর্তমান কার্যপ্রণালী ও অগ্রগতিতে তার সুস্পষ্ট প্রতিফলন পরিলক্ষিত হচ্ছে না।
বিবৃতিতে আরও জানানো হয়, এই প্রেক্ষাপটে জাতীয় বেতন কমিশনের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান সরকারের পদত্যাগ বিষয়টিকে আমরা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করি। তার এই নৈতিক অবস্থান জাতীয় বেতন কমিশনের অভ্যন্তরীণ কার্যপ্রক্রিয়া, স্বচ্ছতা ও সিদ্ধান্ত গ্রহণের পরিবেশ নিয়ে গুরুতর প্রশ্ন উত্থাপন করেছে এবং বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দাবিগুলোর গুরুত্বকে নতুনভাবে সামনে এনেছে।
সাদা দল জানায়, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজের মর্যাদা ক্ষুণ্ন করে কিংবা তাদের পেশাগত দায়িত্ব, গবেষণা ও শিক্ষাদানের বাস্তব চ্যালেঞ্জ উপেক্ষা করে কোনো বেতনকাঠামোই গ্রহণযোগ্য না। দেশের উচ্চশিক্ষা ও গবেষণার গুণগত মান বজায় রাখা, বিশ্ববিদ্যালয় ব্যবস্থার স্থিতিশীলতা নিশ্চিত করা এবং শিক্ষকদের পেশাগত মর্যাদা সংরক্ষণের জন্য জাতীয় বেতন কমিশনের সুপারিশসমূহ অবশ্যই ন্যায়সংগত, বাস্তবসম্মত ও সম্মানজনক করতে হবে। জাতীয় বেতন কমিশনের বর্তমান কার্যক্রমে যে সীমাবদ্ধতা ও অস্পষ্টতা পরিলক্ষিত হচ্ছে, তা অব্যাহত থাকলে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজের মধ্যে হতাশা ও অনিশ্চয়তা আরও গভীর হবে, যা সামগ্রিকভাবে দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার জন্য ইতিবাচক হবে না।
Leave a Reply