কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কেন্দ্রিক রূপান্তরের পথে কাজ করছে মাইক্রোসফট। সে কারণে ২০২৫ সালে প্রায় ১৫ হাজার কর্মী ছাঁটাই করেছিল এই প্রযুক্তি জায়ান্টটি। এবার পর এবার কর্মীদের জন্য লাইব্রেরি ও সংবাদপত্রের সাবস্ক্রিপশন সুবিধা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে তারা। এর বদলে কর্মীদের জন্য এআইভিত্তিক শেখার অভিজ্ঞতার ওপর গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম দ্য ভার্জ-এর প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের নভেম্বর থেকেই বিভিন্ন সংবাদ ও গবেষণা পরিষেবার সাবস্ক্রিপশন নবায়ন না করার প্রক্রিয়া শুরু করে মাইক্রোসফট। এ বিষয়ে সংশ্লিষ্ট প্রকাশকদের কাছে স্বয়ংক্রিয়ভাবে পাঠানো এক ইমেইলে জানানো হয়, চুক্তির মেয়াদ শেষ হলে তা আর নবায়ন করা হবে না।
এই সিদ্ধান্তের ফলে ২২ বছর ধরে মাইক্রোসফটের সঙ্গে যুক্ত থাকা স্ট্র্যাটেজিক নিউজ সার্ভিস (এসএনএস)-এর সঙ্গেও সম্পর্ক ছিন্ন হয়েছে। প্রতিষ্ঠানটি এতদিন মাইক্রোসফটের প্রায় ২ লাখ ২০ হাজার কর্মীর জন্য বৈশ্বিক বিভিন্ন রিপোর্ট সরবরাহ করত। এসএনএস-এর পক্ষ থেকে কর্মীদের জানানো হয়, সব লাইব্রেরি চুক্তি বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে মাইক্রোসফট।
এছাড়া অনেক কর্মী জানিয়েছেন, তারা এখন আর দ্য ইনফরমেশন-এর মতো গুরুত্বপূর্ণ ব্যবসায়িক প্রকাশনায় ডিজিটাল প্রবেশাধিকার পাচ্ছেন না, এমনকি মাইক্রোসফট লাইব্রেরি থেকে ব্যবসা–সংক্রান্ত বই নেয়ার সুযোগও বন্ধ হয়ে গেছে। মাইক্রোসফটের অভ্যন্তরীণ এক নথিতে বলা হয়েছে, এই পরিবর্তনগুলো প্রতিষ্ঠানটির ‘স্কিলিং হাব’–এর মাধ্যমে আরও আধুনিক ও এআইচালিত শেখার পরিবেশ গড়ে তোলার অংশ। একই সঙ্গে জানানো হয়, মাইক্রোসফটের ফিজিক্যাল লাইব্রেরিটিও স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, মাইক্রোসফটের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলা এই এআইমুখী রূপান্তরের নেতৃত্ব দিচ্ছেন। ধারণা করা হচ্ছে, শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদেরও এই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
Leave a Reply