জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র হল নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হল সংসদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় হল সংসদের নির্বাচিত প্রতিনিধিদের ফুল দিয়ে বরণ করে নেন হল প্রভোস্ট। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে হলের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, এ সভায় হল সংসদ প্রতিনিধিদের সবার কাজ, ছাত্র সংসদের প্রতিনিধিদের জন্য কক্ষ বরাদ্দ ও ফান্ডিং নিয়ে আলোচনা হয়।
সভা শেষে হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) সুমাইয়া তাবাসসুম বলেন, আজ সুন্দরভাবে আমাদের প্রথম সভা হয়েছে ও অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষভাবে আমাদের হলের বাজেট নিয়ে। আমরা কেন্দ্র থেকে সেভাবে বাজেট পাই না, জকসু এ জন্যই হয়েছে যাতে আমরা পর্যাপ্ত বাজেট পাই ও সর্বোচ্ছ স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে সুন্দরভাবে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে পারি।
সহ-সভাপতি (ভিপি) জান্নাতুল উম্মে তারিন বলেন, আমরা আমাদের সব ইশতেহার ম্যামের কাছে উপস্থাপন করেছি। এখন আমাদের প্রথম কাজগুলো বাস্তবায়নের জন্য কমিটি করা এবং পর্যায়ক্রমে সবগুলো ইশতেহার বাস্তবায়ন করা। আমাদের হলের জন্য আলাদা কোন তহবিল নেই। এ জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর আবেদন করা তারপরও যদি সমস্যা সমাধান না হয় সরাসরি ইউজিসিতে যাবো।
এ বিষয়ে হলের প্রভোস্ট ড. আঞ্জুমান আরা বলেন, আমরা প্রথম হল সংসদ পেয়েছি এবং ব্রিলিয়ান্ট মেয়ে পেয়েছি যারা সত্যি হলের জন্য কাজ করতে চায় বলে নির্বাচনে দাঁড়িয়েছে। আমি বিশ্বাস করি তারা কাজের মাধ্যমে দেখিয়ে দেবে তারা সত্যি হলকে ধারণ করে। তারা সমস্যাগুলো বের করে ও বিভিন্ন উদ্যোগ গ্ৰহণ করে আমাদের জানাবে, আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট উপস্থাপন করবো।
Leave a Reply