জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের শিক্ষার্থী ইস্রাফিল আকন্দ রুদ্রর সম্পাদনায় আসছে শহিদ শরিফ ওসমান হাদিকে নিয়ে স্মৃতিস্মারক গ্রন্থ ‘শহীদ ওসমান হাদি: স্মৃতিতে, সাহিত্যে ও সংগ্রামে’।
বইটিতে থাকছে শহিদ ওসমান হাদির চিন্তা, দর্শন, সমাজভাবনা, দেশ ভাবনা ও জীবনদর্শন ইত্যাদি বিষয়কে উপজীব্য করে রচিত প্রবন্ধ-নিবন্ধ। পাশাপাশি তাকে নিয়ে রচিত গল্প এবং কবিতা। এছাড়াও সহযোদ্ধাদের স্মৃতিচারণমূলক মুক্ত গদ্যসহ অন্যান্য সাহিত্যিক রচনা।
ইস্রাফিল আকন্দ রুদ্র জানান, এই গ্রন্থ প্রকাশের অন্যতম উদ্দেশ্য হলো, শহিদ ওসমান হাদির জীবন, আদর্শ, মনন ও চেতনাকে আরও গভীরভাবে আলোড়িত করা এবং তা পরবর্তী প্রজন্মের মাঝে ছড়িয়ে দিয়ে তাদের ন্যায়, সাহস ও আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামমুখর করে তোলা। শহীদ ওসমান হাদির জীবন সাহস, ত্যাগ ও আদর্শের অমর প্রতীক। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তাঁর আপোষহীন সংগ্রাম, অদম্য দৃঢ়তা ও শাহাদাত; পরবর্তী প্রজন্মের জন্য চিরন্তন প্রেরণার উৎস হয়ে থাকবে। তিনি বিশ্বাস করতেন সাহিত্য ও সংস্কৃতির মধ্য দিয়েই সমাজের রূপান্তর সম্ভব।
তিনি আরও জানান, জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ, চর্চা ও প্রজন্মান্তরে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের সাথে নিয়ে ‘টেলস অফ জুলাই’ নামে প্ল্যাটফর্মের সূচনা করি। প্রতিষ্ঠালগ্ন থেকেই জুলাইকে উজ্জীবিত ও জীবন্ত রাখার জন্য নানামুখী কার্যক্রম পরিচালনা করে আসছি। জুলাইয়ের কয়েকজন শহীদদের নিয়ে পূর্ববর্তী সময়ে ছয়টা সংকলন প্রকাশ করেছি। আমাদের এই জুলাই-জজবার অন্যতম প্রাণ ছিলেন শহীদ ওসমান হাদি। ব্যক্তিগতভাবে তিনি আমাদের কাজের প্রতি গভীরভাবে সম্পৃক্ত ছিলেন, নিয়মিত উৎসাহ দিয়েছেন এবং সময়ে সময়ে মূল্যবান পরামর্শ ও দিকনির্দেশনার মাধ্যমে আমাদের পথচলাকে সমৃদ্ধ করেছেন। এ প্ল্যাটফর্মের উদ্যোগেই ‘শহীদ ওসমান হাদি: স্মৃতিতে, সাহিত্যে ও সংগ্রামে’ বইটি প্রকাশিত হবে।
Leave a Reply