চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে এসে অসুস্থ হয়ে পড়েছেন দুই নারী শিক্ষার্থী। তাৎক্ষণিকভাবে তাদের বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নেয়া হলে সেখানে বসেই পরীক্ষায় অংশগ্রহণ করেন তারা।
শনিবার (৩ জানুয়ারি) সকালে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ওই দুই শিক্ষার্থী। এ সময় তারা একাধিকবার বমি করেন। পরে কর্তব্যরত চিকিৎসকরা জানান, রাতে পর্যাপ্ত ঘুম না হওয়া এবং খাবার না খাওয়ার কারণই তাদের শারীরিক অসুস্থতা দেখা দিয়েছে।
অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে চট্টগ্রাম মহিলা কলেজের শিক্ষার্থী কোহিনূর আক্তারের পরীক্ষা কেন্দ্র ছিল জীববিজ্ঞান অনুষদ। অপরদিকে রামগতি আহমদিয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থী সাদিয়া আক্তারের পরীক্ষা কেন্দ্র ছিল নতুন কলা ভবন (শহিদ হৃদয় তরুয়া ভবন)।
অসুস্থ অবস্থায় শিক্ষার্থীদের পরীক্ষার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আইন বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন ও অধ্যাপক ড. মঈনুদ্দিন।
বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের সিনিয়র মেডিকেল অফিসার ডা. সাঈদা আক্তার শাহনাজ বলেন, খাবার না খাওয়া এবং রাতে পর্যাপ্ত ঘুমের অভাবে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। তারা বেশি পরিমাণ বমি করেছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের বমি প্রতিরোধক ওষুধ দেয়া হয়েছে। বর্তমানে তারা মেডিকেল সেন্টারে বসেই পরীক্ষায় অংশ নিচ্ছে।
পরীক্ষা কমিটির তথ্যমতে, ‘ডি’ ইউনিটে মোট সাধারণ আসন রয়েছে ৮৪৯টি। এসব আসনের বিপরীতে মোট পরীক্ষার্থী ৫১ হাজার ৫০৫ জন। এই ইউনিটের আওতায় সমাজবিজ্ঞান অনুষদের ৯টি বিভাগ এবং আইন অনুষদ অন্তর্ভুক্ত রয়েছে।
Leave a Reply