দীর্ঘদিন ধরেই জিমেইলে ব্যবহারকারীদের একটি বড় আক্ষেপ ছিল একবার যে ইমেইল ঠিকানা খোলা হয়, সেটি আর বদলানোর সুযোগ নেই। স্কুল বা কলেজ জীবনে তৈরি করা অপ্রাসঙ্গিক ইউজারনেমই পরে অফিসিয়াল ও গুরুত্বপূর্ণ কাজেও ব্যবহার করতে হয়। সেই পুরোনো সমস্যার সমাধান আনতে এবার বড় পরিবর্তনের পথে যাচ্ছে গুগল। খুব শিগগিরই ব্যবহারকারীরা একই গুগল অ্যাকাউন্ট রেখে জিমেইলে ইউজারনেম পরিবর্তন করতে পারবেন।
গুগল এমন একটি নতুন ফিচার নিয়ে কাজ করছে, যার মাধ্যমে বর্তমান @gmail.com ইমেইল ঠিকানাটি বদলে একই ডোমেইনের আরেকটি নতুন জিমেইল ঠিকানা নেয়া যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এতে নতুন কোনও অ্যাকাউন্ট খুলতে হবে না এবং কোনও ডেটাও হারানোর আশঙ্কা নেই। গুগল ড্রাইভ, ফটোস, ইউটিউ ও প্লে স্টরসহ সব সার্ভিসে আগের মতোই ব্যবহার করা যাবে। অ্যাকাউন্টের পুরোনো তথ্য, কেনাকাটা বা সাবস্ক্রিপশনেও কোনও পরিবর্তন হবে না।
তবে এই সুবিধা সবার জন্য নয়। যাদের মূল ইমেইল ঠিকানা @gmail.com–এ শেষ হয়, কেবল তারাই এই ফিচার ব্যবহার করতে পারবেন। অফিসিয়াল, শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক বা কাস্টম ডোমেইনের ইমেইল অ্যাকাউন্ট এর আওতায় আসবে না। নতুন যে ইমেইল ঠিকানাটি নেয়া হবে, সেটিও অবশ্যই @gmail.com হতে হবে।
গুগল ধাপে ধাপে এই ফিচার চালু করবে। ব্যবহারকারীরা নিজেদের Google Account Settings থেকে Personal info অপশনে গিয়ে Email সেকশনে ঢুকলে এই অপশনটি দেখতে পাবেন, যদি তাদের অ্যাকাউন্টে ফিচারটি সক্রিয় থাকে। ইউজারনেম পরিবর্তনের পর পুরোনো ও নতুন দুটি ইমেইলে পাঠানো সব বার্তা একই ইনবক্সে পৌঁছাবে। পুরোনো ইমেইল ঠিকানাটি রিকভারি অ্যাড্রেস হিসেবে সংরক্ষিত থাকবে এবং দুই ঠিকানা দিয়েই অ্যাকাউন্টে লগইন করা যাবে।
এই পরিবর্তনের ক্ষেত্রে কিছু নিয়ম ও সীমাবদ্ধতাও রেখেছে গুগল। একবার জিমেইল ইউজারনেম বদলানোর পর পরবর্তী ১২ মাসের আগে আবার পরিবর্তন করা যাবে না। এই সময়ের মধ্যে চাইলে ব্যবহারকারী আগের ইমেইল ঠিকানায় ফিরে যেতে পারবেন। এছাড়া এই সময়ের মধ্যে পুরোনো জিমেইলের ঠিকানা ব্যবহার করে নতুন কোনো গুগল অ্যাকাউন্ট খোলাও সম্ভব হবে না। একটি গুগল অ্যাকাউন্টে সর্বোচ্চ তিনবার ইউজারনেম পরিবর্তনের সুযোগ থাকবে, অর্থাৎ সময়ের সঙ্গে একটি অ্যাকাউন্টে চারটি জিমেইল ঠিকানা ব্যবহার করা যাবে।
কিছু পুরোনো সার্ভিসে, যেমন আগের ক্যালেন্ডার ইভেন্টে, সাময়িকভাবে পুরোনো ইমেইল ঠিকানা দেখা যেতে পারে। তবে নিরাপত্তার দিক থেকে গুগল নিশ্চিত করেছে, ব্যবহারকারীর পুরোনো জিমেইল ঠিকানাটি অন্য কেউ কখনোই দাবি করতে পারবে না। সেটি ব্যবহারকারীর অ্যাকাউন্টের সঙ্গেই সংযুক্ত থাকবে।
সব মিলিয়ে গুগলের এই নতুন উদ্যোগ তাদের জন্য বড় স্বস্তির খবর, যারা পেশাগত বা ব্যক্তিগত কারণে পুরোনো জিমেইল ইউজারনেম বদলাতে চাইছিলেন কিন্তু এতদিন সে সুযোগপাননি। এই ফিচার সবার জন্য চালু হলে বহু ব্যবহারকারীর দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে বলেই আশা করা হচ্ছে।
Leave a Reply