মোবাইল ফোন চোরাচালান, ক্লোনড ডিভাইস, রিফার্বিশড ও বিদেশি পুরোনো ফোনের অনিয়ন্ত্রিত প্রবেশ রোধে ১৬ ডিসেম্বর থেকে দেশে চালু হচ্ছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর)। ডিজিটাল অপরাধ দমন ও বাজার শৃঙ্খলা নিশ্চিত করতে সরকারের এই উদ্যোগের অংশ হিসেবে দেশে থাকা অনিবন্ধিত মোবাইল ফোন নিবন্ধনের নির্দেশনা আগেই দেয়া হয়েছিল।
তবে মোবাইল ব্যবসায়ীদের সঙ্গে তিন দিনব্যাপী আলোচনার পর সিদ্ধান্ত পরিবর্তন করে সরকার জানিয়েছে, দেশে ইতোমধ্যেই ব্যবহৃত সব অনিবন্ধিত মোবাইল ফোন আগামী বছর ১৫ মার্চ পর্যন্ত নিবন্ধন করার সুযোগ দেয়া হবে।
বুধবার (১০ ডিসেম্বর) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোবাইল ফোন আমদানিতে পূর্বের মতোই সুযোগ থাকবে। কোন মডেলের কত পুরোনো ফোন আমদানি করা যাবে তা বাণিজ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে। একইসঙ্গে আমদানির আগে সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করার বাধ্যবাধকতা বজায় থাকবে
এ ছাড়া মোবাইল ফোন আমদানিতে শুল্ক কাঠামো পুনর্নির্ধারণে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে। এ প্রক্রিয়ায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ মধ্যস্থতার ভূমিকা পালন করবে বলে জানা গেছে। আমদানিকারক ও উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোও সরকারকে যৌথভাবে লিখিত মতামত দেয়ার জন্য সম্মত হয়েছে।
অপরদিকে এনইআইআর চালুর সুযোগে কেউ যেন অবৈধ উপায়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা না করে এমন আহ্বান জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে।
আগামী ১৬ ডিসেম্বর এনইআইআর উদ্বোধনী অনুষ্ঠানে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এমপিওএবি) এবং মোবাইল বিজনেস কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন এবং এ উদ্যোগে তাদের দৃঢ় সমর্থন জানিয়েছেন।
Leave a Reply