ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় আত্মরক্ষার্থে করণীয় বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় কর্মশালা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে কেন্দ্রীয় লাইব্রেরীর ৪র্থ তলায় নবযুগ মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
এদিন কর্মশালায় ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে ভূমিকম্পের ধরণ, পূর্বাভাস, করণীয়, পূর্ব প্রস্তুতি এবং অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহারের নিয়ম সম্পর্কে আলোচনা করা হয়। কর্মশালার পর প্রশাসনিক ভবনের সামনে অগ্নিকাণ্ড থেকে আত্মরক্ষা এবং আগুন নেভানোর কৌশল শেখানো হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, ফায়ার সার্ভিসের অভিজ্ঞতালব্ধ দিকনির্দেশনা বাস্তব জীবনে দুর্যোগ মোকাবিলায় সহায়ক হবে এবং সবার আত্মবিশ্বাস বাড়াবে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের কর্মশালার আয়োজন করা হবে।
অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী (পিএফএম) এবং মহড়া পরিচালনা করেন ত্রিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সাদিকুর রহমান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান।
Leave a Reply