গুগল অ্যান্ড্রয়েডে এখন এমন একটি ফিচার চালু করেছে যেটা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। বিশেষ করে যারা অফিস করেন তারা বেশি ভাবছেন। গুগলের নতুন ফিচারের মাধ্যমেই নিয়োগকর্তারা কর্মীদের অফিস-পরিচালিত ফোনে পাঠানো সব ধরনের টেক্সট বার্তা পর্যালোচনা করতে পারবেন। শুধু পাঠানো বা প্রাপ্ত বার্তা নয়, এমনকি সম্পাদিত ও মুছে ফেলা বার্তাও থাকবে নজরদারির আওতায়।
‘অ্যান্ড্রয়েড আরসিএস আর্কাইভাল’ নামে এই নতুন ব্যবস্থায় কোম্পানিগুলো তাদের পক্ষ থেকে কর্মীদের দেয়া মোবাইলফোনে গুগল মেসেজেসের সঙ্গে থার্ড-পার্টি আর্কাইভিং অ্যাপ যুক্ত করতে পারবে। এতে প্রতিটি অ্যান্ড্রয়েড আরসিএস আর্কাইভাল বার্তা ডিভাইসে আসামাত্রই আর্কাইভিং সিস্টেমে নোটিফিকেশন পাঠানো হবে। গুগলের সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার ইয়ান মারসানাই এক ব্লগপোস্টে বলেছেন, আমাদের নতুন সমাধান থার্ড-পার্টি আর্কাইভাল অ্যাপগুলোকে সরাসরি গুগল মেসেজেসের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ দিচ্ছে। ডিভাইস যদি পুরোপুরি প্রতিষ্ঠান-নিয়ন্ত্রিত হয়, তাহলে পাঠানো, প্রাপ্ত, সম্পাদিত কিংবা মুছে ফেলা সব ধরনের বার্তাই আইটি বিভাগ দেখতে পারবে।
এই আপডেটটি শুধুমাত্র প্রতিষ্ঠান-পরিচালিত ডিভাইসে কার্যকর হবে। ব্যক্তিগত ফোন বা আলাদা ওয়ার্ক-প্রোফাইল যুক্ত ডিভাইসে এর কোনও প্রভাব নেই। তবে অনেক কর্মীই মনে করেন টেক্সট মেসেজ ইমেইলের মতো নজরদারির আওতায় পড়ে না। এনক্রিপশনের সুবিধা থাকার কারণে তারা ধরে নেন বার্তাগুলো নিরাপদ। কিন্তু নতুন আপডেটের পর অফিসের ফোনে আর ব্যক্তিগত কথোপকথন ব্যক্তিগত থাকছে না এসব বার্তায় নিয়োগকর্তারা প্রবেশ করতে পারবেন, যা গোপনীয়তা নিয়ে নতুন প্রশ্ন তুলছে।
গুগল জানায়, ব্যবসায়িক প্রতিষ্ঠানসমূহ নিয়ম-কানুন মেনে চলা ও আইনি তদন্তের অনুরোধ মোকাবিলার জন্যই এই ব্যবস্থা তৈরি করা হয়েছে। বিশেষ করে ব্যাংকিং, ফাইন্যান্স, স্বাস্থ্যসেবা এসব খাতে কর্মীদের যোগাযোগ সংরক্ষণ বাধ্যতামূলক।
এই আপডেটের মাধ্যমে এসএমএস, এমএমএস ও আরসিএস সব ধরনের বার্তা সংরক্ষণের সুবিধা পাওয়া যাবে। ডিভাইসে আর্কাইভিং সক্রিয় থাকলে ব্যবহারকারীরা স্পষ্টভাবে তা নোটিফিকেশনে দেখতে পাবেন। তবে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম বা অন্যান্য এনক্রিপটেড মেসেজিং অ্যাপের ওপর এই আপডেটের কোনও প্রভাব পড়বে না।
Leave a Reply