খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে কুয়েটের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগ জানায়, আজ বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের মেইনগেট সংলগ্ন এলাকায় সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের (২০২৪ ব্যাচ) শিক্ষার্থী কাজী সাদিক মাহমুদ, লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মো.জহিরুল ইসলামকে মারাত্মকভাবে আঘাত করেন। এতে জহিরুল ইসলাম গুরুতর আহত হন।
ঘটনা জানার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাৎক্ষণিক প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা নিশ্চিত করে। পরে শৃঙ্খলাভঙ্গের গুরুতর অপরাধে কাজী সাদিক মাহমুদকে সাময়িকভাবে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ক্যাম্পাসের শান্তি, নিরাপত্তা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রক্ষায় তারা সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। যেকোনো হিংসাত্মক কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে তারা স্পষ্ট করে জানায়. এ ধরনের আচরণ কোনোভাবেই সহ্য করা হবে না।
ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত ও বহিষ্কৃত শিক্ষার্থীর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নির্ধারণের জন্য তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর বিধি মোতাবেক পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
সব শিক্ষার্থীকে মর্যাদা, নিয়ম-শৃঙ্খলা ও আদর্শ বজায় রেখে পড়াশোনা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
Leave a Reply