২০২৬ সালের ঈদুল ফিতরকে সামনে রেখে সিডনি বাঙালি বুটিক ক্লাব ধারাবাহিকভাবে আয়োজন করতে যাচ্ছে অন্যতম বৃহৎ ঈদ এক্সিবিশন। সিডনি বাঙালি কমিউনিটি ইনক-এর তত্ত্বাবধানে আয়োজিত এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ২২ ফেব্রুয়ারি (রবিবার) ও ২৮ ফেব্রুয়ারি (শনিবার) ইংগেলবার্ন কমিউনিটি হলে। এরপর ১ মার্চ, ৮ মার্চ এবং ১৫ মার্চ টানা তিনটি রোববার এক্সিবিশনটি অনুষ্ঠিত হবে মিন্টু ইনডোর স্টেডিয়ামে।
সাত বছর আগে অস্ট্রেলিয়ায় প্রতিষ্ঠিত নারী উদ্যোক্তা তানিয়া, সামিয়া, উমরানা, ইশরাত জাহান, সেলিনা আক্তার, তিলোত্তমাসহ প্রায় ৩০ জনকে নিয়ে বুটিক ক্লাবটির সূচনা করেন প্রতিষ্ঠানটির অন্যতম সংগঠক সেলিমা বেগম।
বর্তমানে সংগঠনটিতে অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় প্রায় ৬০টি বুটিক হাউজ যুক্ত রয়েছে। উপমহাদেশীয় দেশীয় ঐতিহ্যবাহী পোশাককে আধুনিক ফ্যাশনের সঙ্গে মিলিয়ে ক্রেতাদের আস্থা অর্জন করেছেন এসব উদ্যোক্তারা।
প্রদর্শনী প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে। অন্যান্য বছরের মতো এবারের এক্সিবিশনেও ক্রেতা-দর্শনার্থীদের জন্য থাকছে বিশেষ আকর্ষণ— টয় কর্নার, ফেইস পেইন্টিং, মেহেদী কর্নার, ইফতার কর্নার, ফটোবুথসহ প্রফেশনাল ফটোগ্রাফির ব্যবস্থা। প্রদর্শনীস্থলের পাশেই রয়েছে পর্যাপ্ত ফ্রি পার্কিং সুবিধা এবং সহজ পাবলিক ট্রান্সপোর্ট ব্যবস্থা।
কমিউনিটির সদস্যদের আগাম প্রস্তুতির জন্য তারিখগুলো ঘোষণা করা হয়েছে। আর তাই ২০২৬ সালের ঈদুল ফিতরের কেনাকাটার পরিকল্পনায় এখনই দিনগুলো ক্যালেন্ডারে চিহ্নিত করে রাখার আহ্বান জানান আয়োজকরা।
Leave a Reply