গাজীপুর মহানগরীর পুবাইল থানাধীন সমরসিং এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১টা ১০ মিনিটের সময় হাবিব পাম্পের সামনে বাইপাস টু গাউছিয়াগামী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শান্ত (১৫), পিতা মানিক মিয়া, সাং- তালটিয়া পূর্বপাড়া এবং লিখন (২১), পিতা জামান মিয়া, সাং- তালটিয়া বাথানবাড়ী। তারা দু’জনেই গাজীপুর মহানগরের পুবাইল এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, বেপরোয়া ও দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর সময় তারা অসাবধানতাবশত মহাসড়কের ডিভাইডারে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারান। এতে মোটরসাইকেলসহ ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হয়ে দুজনেই ঘটনাস্থলেই প্রাণ হারান।
সংবাদ পেয়ে পুবাইল থানা পুলিশ ও মোবাইল টিম ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।
এসময় এসআই মো. নাসির উদ্দিন স্থানীয় জনগণ ও নিহতদের স্বজনদের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল, টঙ্গীতে প্রেরণ করেন।
পুলিশ জানায়, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তবে নিহতদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে,এ দুর্ঘটনার ঘটনায় তারা কোনো অভিযোগ বা মামলা করবেন না।
Leave a Reply