কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ক্ষেত্রে অন্যতম প্রভাবশালী প্রতিষ্ঠান ওপেনএআই নতুন এক পকেট আকারের ডিভাইস উদ্ভাবনের পরিকল্পনা করছে। এ প্রকল্পে প্রতিষ্ঠানটি অ্যাপলের শীর্ষ সরবরাহকারী লাক্সশেয়ার এর সঙ্গে চুক্তি করেছে। এই ডিভাইস এখনও নমুনা পর্যায়ে রয়েছে এবং ব্যবহারকারীর প্রেক্ষাপট বুঝে স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে সক্ষম হবে। এটি সরাসরি ওপেনএআইয়ের নিজস্ব এআই মডেলের সঙ্গে সংযুক্ত থাকবে।
লাক্সশেয়ার এই ডিভাইসের বৃহৎ পরিসরে উৎপাদন সহায়তা দেবে। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এটি স্মার্টফোন ও অন্যান্য প্রচলিত ডিভাইসের আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে পারে। ব্যবহারকারীরা এ ডিভাইসের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এক নতুন এবং ভিন্ন ধরনের অভিজ্ঞতা পাবেন।
ওপেনএআই পরিকল্পনা করছে চীনের গোরটেকের সঙ্গে সহযোগিতা করে স্পিকার মডিউলসহ অন্যান্য অংশ সংগ্রহ করার। বিশেষজ্ঞরা মনে করছেন, এটি এআইভিত্তিক কোম্পানিগুলোর জন্য সর্বোচ্চ ঝুঁকি এবং সুযোগের মধ্যে একটি পদক্ষেপ। কারণ, এখানে প্রতিষ্ঠানটি বিদ্যমান প্ল্যাটফর্মের ওপর নির্ভর না করে সম্পূর্ণ নতুন ধরনের কনজ্যুমার ডিভাইস তৈরি করছে।
এর আগে ওপেনএআই ৬৫০ কোটি ডলারে (৬.৫ বিলিয়ন) অ্যাপলের সাবেক প্রধান ডিজাইনার জনি আইভ প্রতিষ্ঠিত হার্ডওয়্যার কোম্পানি আইও প্রোডাক্টস অধিগ্রহণ করে। এই চুক্তির মাধ্যমে জনি আইভ ও তার দল ওপেনএআইয়ে নতুন এআই ডিভাইসের নকশা ও উন্নয়নে নিয়োজিত হয়েছেন। প্রথম পণ্যটি বাজারে আসতে পারে ২০২৬ সালে।
ওপেনএআই প্রধান স্যাম অল্টম্যান জানিয়েছেন, প্রতিষ্ঠানটি আশা করছে অন্তত ১০০ মিলিয়ন এআই ডিভাইস বিক্রি করতে পারবে, যা এআইভিত্তিক কনজ্যুমার প্রযুক্তিতে এক নতুন অধ্যায়ের সূচনা করবে
Leave a Reply