কাতারে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জরুরি নির্দেশনা দিয়েছে দূতাবাস। এতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে কতিপয় প্রবাসী বাংলাদেশি কর্মী কাতারে অবস্থানের বৈধ কাগজপত্র না থাকায় স্থানীয় নিরাপত্তা বাহিনী পুলিশ কর্তৃক ধৃত হয়ে বাংলাদেশে ডিপোর্ট হয়েছেন। এক্ষেত্রে কাতারে অবস্থান করতে বাংলাদেশি কর্মীর বৈধ পাসপোর্টের পাশাপাশি বাধ্যতামূলক নিম্নলিখিত কাগজপত্র হালনাগাদ থাকতে হবে-
ক. কাতার আইডি- বৈধ কাতার পরিচয়পত্র থাকতে হবে। কাতার আইডি’র মেয়াদ শেষ হবার ৩ মাস পর একজন অবৈধ হিসেবে বিবেচিত হবেন।
খ. কাজের প্রমাণপত্র- কাতার আইডিতে উল্লিখিত স্পন্সর। কোম্পানির অধীনে কাজ করতে হবে। অন্য কোম্পানিতে কাজ করার ক্ষেত্রে অবশ্যই বৈধ অনুমতিপত্র থাকতে হবে। অনুমতিপত্র ছাড়া অন্য কোম্পানিতে কাজ করা যাবে না এবং কাজের জন্য রাস্তায় অবস্থান করা যাবে না।
গ. অন্য কোম্পানিতে কাজের অনুমতিপত্র- অন্য কোম্পানিতে কাজ করার জন্য বৈধ অনুমতিপত্র থাকতে হবে।
কাতারে অবস্থানকালে যেসব কারণে গ্রেপ্তার ও ডিপোর্ট করা হয়:
১. কাতার আইডি’তে উল্লিখিত কোম্পানি। স্পন্সর ছাড়া অন্যত্র কাজ করলে;
২. ফ্রি ভিসা কাতারে অবৈধ। ফ্রি ভিসায় কাজ করার নামে অনুমতি ছাড়া কোন কাজ অথবা স্ব-উদ্যোগে ব্যবসা করলে, অর্থাৎ ভ্রাম্যমাণ পণ্য বিক্রয় বা হকারি করলে;
৩. বালা হরুব/ পলায়ন/ রানওয়ে মামলা থাকলে;
৪. কাতার আইডি’র মেয়াদ শেষ হবার ৩ মাসের মধ্যে নতুন আইডি না করলে;
৫. নতুনদের কাতারে প্রবেশের ১ মাসের মধ্যে কাতার আইডি না করলে।
বৈধভাবে কাতারে অবস্থান করতে আপনার প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করুন এবং অযাচিতভাবে গ্রেপ্তার ও ডিপোর্ট হওয়া থেকে নিরাপদ থাকুন।
Leave a Reply