ইতালির ব্রেশিয়া প্রদেশে অভিবাসন আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে পরিচালিত এক অভিযানে ৪১৭ জন বিদেশি নাগরিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। স্থানীয় কুয়েস্টুরা (পুলিশ সদর দপ্তর) সমন্বিতভাবে এ অভিযান পরিচালনা করে।
অভিযানের পর ১১ জন অপরাধীকে ইতালি থেকে বহিষ্কার করা হয়েছে, তাদের বিরুদ্ধে চুরি, মাদক পাচার, ছিনতাই ও যৌন সহিংসতার মতো গুরুতর অভিযোগ রয়েছে।
এদের মধ্যে কয়েকজনকে ইতোমধ্যে বিমানযোগে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে এবং অন্যদেরকে রিপ্যাট্রিয়েশন সেন্টারে (সিআরপি) পাঠানো হবে।
এছাড়া অবৈধভাবে বসবাস করায় ৩৫ জনকে স্বেচ্ছায় দেশত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। তাদের ৭ দিনের মধ্যে ইতালি ত্যাগ করতে বলা হয়েছে। সময় শেষ হলে তাদের জোরপূর্বক বহিষ্কার করা হবে।
এছাড়াও ৩৭১ জনের পারমেসো দি সোজ্জোরনো (বসবাসের অনুমতি) বাতিল করা হয়েছে। পুলিশ জানায়, ডকুমেন্ট ও বৈধতার শর্ত যাচাই করে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এখন এই ব্যক্তিদের হাতে ১৪ দিন সময় আছে—এর মধ্যে ইতালি না ছাড়লে তারা অবৈধ অভিবাসী হিসেবে বিবেচিত হবেন এবং আইনি প্রক্রিয়ার মুখে পড়বেন।
অপরাধের সঙ্গে জড়িতদের অধিকাংশ মিশর, সেনেগাল, মরক্কো, আলবেনিয়া, নাইজেরিয়া, তিউনিসিয়া, কলম্বিয়া ও চীনের নাগরিক।
ব্রেশিয়ার প্রধান পুলিশ কর্মকর্তা বলেন, রাষ্ট্র ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। অবৈধভাবে বসবাসরত কেউ যেন ইতালিতে স্থায়ীভাবে গড়ে না ওঠে, তা নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, আইন শুধু ঘোষণার জন্য নয়, প্রয়োগের মাধ্যমেই বাস্তব নিরাপত্তা নিশ্চিত হয়।
কুয়েস্টুরা আরও জানিয়েছে, এই ধরনের তল্লাশি ও ডকুমেন্ট যাচাই কার্যক্রম চলমান থাকবে।
Leave a Reply