দক্ষিণাঞ্চলীয় শহর নাজরানে যৌন ব্যবসা চালানোর অভিযোগে ১১ প্রবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি নিরাপত্তা বাহিনী। গ্রেপ্তারকৃতদের মধ্যে ছয়জন পুরুষ ও পাঁচজন নারী রয়েছেন।
সৌদি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নাজরান পুলিশের বিশেষ দায়িত্ব ও কার্যক্রম বাহিনী (স্পেশাল টাস্কস অ্যান্ড ডিউটিস ফোর্স) এক অভিযানে এই গ্রেপ্তার কার্যক্রম চালায়। অভিযানে সমন্বয় করে কাজ করেছে সৌদি আরবের জেনারেল ডিরেক্টরেট অব কমিউনিটি সিকিউরিটি এবং অ্যান্টি-হিউম্যান ট্র্যাফিকিং ইউনিট। খবর গালফ নিউজের।
অভিযানের সময় দেখা যায়, শহরের একটি আবাসিক অ্যাপার্টমেন্টকে কেন্দ্র করে সংগঠিতভাবে যৌন ব্যবসা চালানো হচ্ছিল। নিরাপত্তা বাহিনীর সদস্যরা অভিযানে অভিযুক্তদের হাতেনাতে আটক করে।গ্রেপ্তারের পর ১১ প্রবাসীকে আইনি প্রক্রিয়ার জন্য পাবলিক প্রসিকিউশনের কাছে হস্তান্তর করা হয়েছে।
সৌদি কর্তৃপক্ষ জানায়, এটি চলমান সেই সব অভিযানের অংশ, যার মাধ্যমে তারা জনশৃঙ্খলা ও নৈতিকতার পরিপন্থি কার্যকলাপ বন্ধে এবং মানবপাচার প্রতিরোধে কাজ করছে। নিয়মিত নজরদারি ও অভিযানের মাধ্যমে এসব অপরাধমূলক কর্মকাণ্ড দমন অব্যাহত থাকবে বলে কর্তৃপক্ষ সতর্ক করেছে।
Leave a Reply