বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

প্রকাশ্যে পিটিয়ে আহত করার পর গাজীপুরে আরেক সংবাদকর্মী তুহিনকে কুপিয়ে হত্যা

মৃণাল চৌধুরী সৈকত
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ২৬৬ বার

প্রকাশ্যে নৃশংসভাবে পিটিয়ে আনোয়ার হোসেনকে আহত করার ২৪ ঘন্টার মধ্যে গাজীপুরে আরেক সংবাদকর্মী আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী সামনেই ঘটেছে হামলার এ ঘটনা এবং প্রকাশ্য জনসম্মুখে ঘটেছে কুপিয়ে হত্যার ঘটনা।
বৃহস্পতিবার সকালে আনোয়ার হোসেন নামে এক সংবাদকর্মীকে নৃশংসভাবে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে। বুধবার বিকেল ৫টার দিকে গাজীপুর সদর থানার সামনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
এরপর আসাদুজ্জামান তুহিন (৩৮) নামে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টারকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা আনোয়ারকে নির্মমভাবে মারধর করে, তার বুকের ওপর উঠে লাফায়, পায়ের ওপর ইট দিয়ে থেঁতলে দেয় এবং টেনে-হিঁচড়ে নিয়ে যায়। ঘটনাস্থলে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থাকলেও তারা ঐ সাংবাদিককে উদ্ধার বা হামলাকারীদের নিবৃত করার কোন উদ্যোগ গ্রহণ করেনি বলে অভিযোগ করেছেন প্রত্যক্ষদর্শীরা।
আহত আনোয়ার হোসেন দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার একজন পেশাদার সাংবাদিক হিসেবে গাজীপুরে বিভিন্ন সামাজিক ও অপরাধ বিষয়ক সংবাদ সংগ্রহে নিয়োজিত ছিলেন। ঘটনার পর তাকে পুলিশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেছে।
চিকিৎসকরা জানিয়েছেন, তার পায়ে মারাত্মক জখম হয়েছে এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।
এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে চরম ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার এবং আইন-শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে যথাযথ তদন্তের দাবি জানিয়েছেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের জিএমপি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, “ঘটনাটি আমরা গুরুত্ব সহকারে দেখছি। অভিযুক্তদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে, তার পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগে পেলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।
ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে আরও কঠোর ভূমিকা নিতে হবে বলে দাবি জানিয়েছে স্থানীয় সংবাদকর্মীরা। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই জনসম্মুখে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে গাজীপুরে চান্দনা চৌরাস্তা এলাকায় মসজিদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, চান্দনা চৌরাস্তা এলাকায় গোলাপী নামে এক নারীকে বাদশা মিয়া নামে এক ব্যক্তি মারতে থাকলে নারীর পক্ষে আসা পাচছয় যুবক ধারালো অস্ত্র নিয়ে বাদশা মিয়ার উপর হামলা চালায়। এ সময় সাংবাদিক আসাদ্দুজ্জামান তুহিন একপাশে দাড়িয়ে ঘটনাটি ভিডিও করে। বিষয়টি অস্ত্রধারী সন্ত্রাসীরা বুঝতে পেরে তুহিনের দিকে তেড়ে যায় এবং কথাকাটাকাটির এক পর্যায়ে সন্ত্রাসীরা তুহিনকে কুপিয়ে এবং গলা কেটে হত্যা করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন। ঘটনাস্থলে যাওয়া বাসন থানার এসআই জহিরুল ইসলাম বলেন, ‘নিহত তুহিন একজন গণমাধ্যমকর্মী। তার মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে।

এবিষয়ে ওসি শাহীন খান বলেন, ‘এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তার লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেলে রাখা হয়েছে বলে জানা গেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories