প্রতিদিন ঘুমানোর আগে মোবাইল ফোন চার্জে বসিয়ে রাখাটা অনেকের অভ্যাস। কিন্তু প্রশ্ন থেকে যায় এই অভ্যাস কি ফোনের জন্য ক্ষতিকর? ফোনে আগুন ধরে যাওয়ার মতো আতঙ্কজনক ঘটনা স্মরণে রেখে অনেকেই দুশ্চিন্তায় থাকেন, ফোনটা সারারাত চার্জে রাখা উচিত কি না। এই বিভ্রান্তির অবসান ঘটাতে, প্রযুক্তি বিশেষজ্ঞরা খতিয়ে দেখেছেন, আদতে ফোন চার্জ দেয়া নিয়ে কোনটি সত্য আর কোনটি শুধু মিথ।
বেশিরভাগ আধুনিক স্মার্টফোনে এমন চিপসেট থাকে, যা ফোন পুরো চার্জ হওয়ার পর নিজে থেকেই চার্জিং বন্ধ করে দেয়। ফোন ‘ওভারলোড’ হয়ে যাওয়ার আশঙ্কা নেই। আইফোনে যেমন আইওএস ১৩ থেকে অবটিমাইজ ব্যাটারি চার্জিং ’ নামে একটি ফিচার চালু হয়েছে, যা ফোনকে ৮০ শতাংশ পর্যন্ত চার্জ দিয়ে থেমে যায়, যদি সেটা দীর্ঘ সময় চার্জারে সংযুক্ত থাকে। তাই আগুন লাগা বা ফোনের ব্যাটারির ক্ষতি হয় না।
তবে পুরোনো মডেলের ফোনগুলোতে একবার চার্জ শতভাগ হয়ে গেলে সেটা আবার ৯৯ শতাংশ হল আবার চার্জ নিতে শুরু করে, যা ধীরে ধীরে ব্যাটারির আয়ু কমাতে পারে। অনেক নতুন ফোন এই সমস্যাও নিয়ন্ত্রণ করে, কিন্তু তার মানে এই নয় যে নিশ্চিন্তে ফোন চার্জে রেখে ঘুমানো যায়। ফোনের চার্জিং চলাকালীন সামান্য তাপ উৎপন্ন হয়। যদি ফোনটি কোনো মোটা কেসে থাকে বা এর ওপরে কিছু পড়ে থাকে তাহলে তা অতিরিক্ত তাপ তৈরি করতে পারে, যা ব্যাটারির ক্ষতি করতে পারে।
ফোনের ব্যাটারি নিরাপদে চার্চ দিতে করণীয়
সম্ভব হলে ফোন চার্জে দেয়ার সময় কেস খুলে রাখুন।
ফোনের ওপরে কিছু রাখবেন না, বিশেষ করে বালিশ বা বই।
ফোন চার্জ করার সময় সেটিকে ধাতব প্লেট বা সেরামিক প্লেটের ওপর রাখলে তাপ দ্রুত ছড়িয়ে যায়।
ফোন চার্জে থাকা অবস্থায় ব্যবহার করবেন না।
যদি চার্জার স্মার্ট প্লাগে সংযুক্ত হয়, তাহলে সেটি নির্ধারিত সময় পরে বন্ধ হয়ে যাওয়ার মতো সেটিংস ব্যবহার করুন।
ভুয়া চার্জার ও ক্যাবদ ব্যবহারে বিপদ: অরিজিনাল চার্জারের বদলে নকল বা সস্তা চার্জার ব্যবহার করলে চার্জিং সিস্টেমে সমস্যা হতে পারে। বিশেষ করে মেড ফর আইফোন না হলে আইফোনের জন্য তা নিরাপদ নয়। যদিও এখন বেশিরভাগ স্মার্টফোন ইউএসবি পাওয়ার ডেলিভারি সাপোর্ট করে, তবুও মানসম্মত ক্যাবল ও চার্জার ব্যবহার করাই উত্তম।
মোবাইল ফোনের ব্যাটারি সম্পর্কে বহু ভুল ধারণা আমাদের মধ্যে প্রচলিত। তবে আধুনিক প্রযুক্তির কল্যাণে এখনকার ফোনগুলো অনেক বেশি স্মার্ট, যা অতিরিক্ত চার্জ নেয়ার আগেই থেমে যায়। তাই ফোন রাতে চার্জে দেওয়া মারাত্মক ক্ষতির কারণ নয়, তবে কিছু সাবধানতা অবলম্বন করা ভালো যেমন অতিরিক্ত গরম এড়ানো, ভালো মানের চার্জার ব্যবহার, আর ফোনকে বালিশের নিচে না রাখা। সঠিক অভ্যাসে চার্জ দিলেই আপনার ফোনের ব্যাটারি দীর্ঘদিন ভালো থাকবে। তাই গুজবে কান না দিয়ে বিজ্ঞানের ভাষায় নিজের ডিভাইসকে সুরক্ষিত রাখুন।
Leave a Reply