শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :

যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটসে ‘বাংলাদেশ হেরিটেজ মাস’ উদযাপনের প্রস্তাব হাইকমিশনের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ৫৪ বার

যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফুর রহমানের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠক করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম। বৈঠকে তিনি টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এবং বাংলাদেশ হাইকমিশনের যৌথ সহযোগিতায় “বাংলাদেশ হেরিটেজ মাস” উদযাপনের প্রস্তাব দেন।
মেয়র লুৎফুর রহমান টাওয়ার হ্যামলেটস কাউন্সিল কার্যালয়ে হাইকমিশনার আবিদা ইসলামকে আন্তরিকভাবে স্বাগত জানান। ইউরোপে নির্বাচিত প্রথম মুসলিম ও অশ্বেতাঙ্গ মেয়র হিসেবে রহমান ৬ বিলিয়ন পাউন্ড বাজেট এবং ১২ হাজার ৫০০ কর্মচারীর একটি বিশাল কর্মবল পরিচালনার মাধ্যমে কাউন্সিলের কৌশলগত দিকনির্দেশনা প্রদান করছেন।
তিনি হাইকমিশনারের প্রস্তাবকে স্বাগত জানিয়ে বাংলাদেশ কালচারাল মাসকে উদযাপনের প্রতি সমর্থন জানান। এ সময় হাইকমিশনার আবিদা ইসলাম সংস্কৃতি, রন্ধনশৈলী ও শিল্পের ক্ষেত্রে দ্বিপাক্ষিক বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন। তিনি বাংলাদেশ হাইকমিশন ও টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের যৌথ সমন্বয়ে একটি কোর গ্রুপ গঠনের প্রস্তাব দেন, যারা এই উদ্যোগ বাস্তবায়নে কাজ করবে।
এছাড়াও, হাইকমিশনার ইসলাম জিসিএসই (জেনারেল সার্টিফিকেট অব ‍সেকেন্ডারি এডুকেশন) পরীক্ষায় বাংলা ভাষাকে অন্তর্ভুক্ত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। উল্লেখ্য, টাওয়ার হ্যামলেটস হচ্ছে যুক্তরাজ্যের এমন একটি বারো যেখানে বাংলাদেশিদের সংখ্যা সবচেয়ে বেশি (৩৫%) এবং মুসলিম জনসংখ্যাও সর্বাধিক (৪০%)।
হাইকমিশনার বলেন, ব্রিটিশ-বাংলাদেশি তরুণ প্রজন্মের মধ্যে বাংলা ভাষা ও সংস্কৃতিকে তুলে ধরা জরুরি, যাতে তারা নিজেদের শিকড়ের সঙ্গে সংযোগ রক্ষা করতে পারে এবং বাংলাদেশের উন্নয়নে অবদান রাখতে পারে।
মেয়র লুৎফুর রহমান বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে তাঁর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ‘আমি একজন বাংলাদেশি হিসেবে গর্বিত। আমরা একটি শান্তিপূর্ণ ও প্রগতিশীল বাংলাদেশ চাই।
টাওয়ার হ্যামলেটস যুক্তরাজ্যের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র। এর বার্ষিক অর্থনৈতিক উৎপাদন ৩০ বিলিয়ন পাউন্ড—যা বার্মিংহাম বা ম্যানচেস্টারের তুলনায় বেশি এবং মাল্টা, মোনাকোসহ অনেক দেশের জিডিপির চেয়েও বেশি। এটি লন্ডনের মাত্র ১ শতাংশ জমিজুড়ে অবস্থিত হলেও, পুরো লন্ডনের মোট অর্থনৈতিক ৭ শতাংশ এবং যুক্তরাজ্যের ২ শতাংশ উৎপাদন করে।
এছাড়া, কুইন মেরি ইউনিভার্সিটি —একটি বিশ্বখ্যাত গবেষণা কেন্দ্র এবং রয়েল লন্ডন হাসপাতাল —যা ইউরোপের বৃহত্তম হাসপাতাল এখানেই অবস্থিত।
লুৎফুর রহমান ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত এবং ২০২২ সালের মে মাস থেকে পুনরায় টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত টাওয়ার হ্যামলেটস লেবার পার্টির নেতা ছিলেন এবং বর্তমানে লন্ডনের ছয়জন নির্বাহী মেয়রের একজন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories