দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর ২আসনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মো. জাহিদ আহসান রাসেল বলেছেন, আমি দুই টার্মেই এলাকায় সততা নিয়ে কাজ করেছি, মন্ত্রণালয়েও সততার সঙ্গে কাজ করেছি। এ কারণেই আমাকে ভালবেসে এলাকার মানুষ বারবার নির্বাচিত করেন। মানুষের পাশে থেকে কাজ করতে পারাটা আমার অনেক ভালো লাগে, আমি শান্তি পাই। মনে প্রাণে ভালবেসে এলাকাবাসীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি। এবারও নৌকার পক্ষে আমি বহু সমর্থন পাচ্ছি। যেখানে যাচ্ছি পথসভা করলে তা জনসভা, জনসমুদ্র বা গণজোয়ারে পরিণত হচ্ছে এটা আপনাদের জন্যই।
আমি বিশ্বাস করি এটা অব্যাহত থাকলে ৭ জানুয়ারি নৌকা বিপুল ভোটে বিজয়ী হবে। মঙ্গলবার দুপুরে টঙ্গী বাজার এলাকায় পথসভায় বক্তব্য প্রদানকালে প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি এসব কথা বলেন। পরে তিনি গাজীপুর মহানগরের টঙ্গী বিসিক এলাকা, মধুমিতা রোড, আরিচপুর, চেরাগআলী, দত্তপাড়া এলাকায় পথসভা ও উঠান বৈঠক করেন। প্রতিমন্ত্রী আরো বলেন, গাজীপুরে বেকার যুব/যুবাদের প্রশিক্ষণের জন্য তিনটি যুব প্রশিক্ষণ সেন্টার স্থাপন করেছি।
এসব সেন্টারে তরুণ বেকারদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এখান থেকে প্রতি বছর বহু বেকার প্রশিক্ষণ গ্রহণ করে চাকুরি এবং আত্মকর্ম সংস্থানের ব্যবস্থা হয়েছে। ভবিষ্যতে আরো বেশি বেকারদের কর্মসংস্থানের উদ্যোগ গ্রহণ করবো। এলাকার স্কুল, কলেজ, মসজিদ, মন্দির, মাদ্রাসা রাস্তাঘাট নির্মাণ, বিশুদ্ধ পানির ব্যবস্থা, ইজতেমা ময়দানের উন্নয়ন, ষ্টেডিয়ামসহ বিভিন্ন উন্নয়ন করেছি। আগামীতে আরো উন্নয়ন হবে।
Leave a Reply