গাজীপুরের কাপাসিয়ায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয়েছে। বুধবার এবং বৃহস্পতিবার (২০ এবং ২১ ডিসেম্বর) কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে এই প্রশিক্ষণ কার্যক্রমটি সম্পন্ন করা হয়। এই প্রশিক্ষণ কার্যক্রমের প্রথম দিন নির্বাচন সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক এবং রিটার্নিং অফিসার আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সৈয়দ ফয়েজুল ইসলাম, গাজীপুরের পুলিশ সুপার কাজী শফিকুল ইসলাম বিপিএম, কাপাসিয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকী, জেলা নির্বাচন অফিসার এ.এইচ.এম কামরুল হাসান, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মো. আবু বকর মিয়া এবং উপজেলা নির্বাচন অফিসার মো.মাহবুবুর রহমান ভূঁইয়া। জেলা প্রশাসক এবং রিটার্নিং অফিসার আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আপনারা নির্বিঘ্নে নির্ভয়ে আপনাদের উপর অর্পিত দায়িত্ব পালন করবেন। আপনাদের দায়িত্ব পালন করতে গিয়ে যেকোনো ধরনের সমস্যা মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে সর্বোত্তম সহযোগিতা করা হবে। উপজেলা নির্বাচন অফিসার মোঃ মাহবুবুর রহমান ভূঁইয়া জানান, প্রথম দিন ১৩৪ জন প্রিজাইডিং অফিসার এবং ৬৬৪ জন সহকারী প্রিজাইডিং অফিসারকে প্রশিক্ষণ প্রদান করা হয় । দ্বিতীয় দিন ১৩২৯ জন পোলিং অফিসারকে ভোট গ্রহণ সম্পর্কিত প্রশিক্ষণ প্রদান করা হয়। জেলা ও উপজেলার টট প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তাগণ এই প্রশিক্ষণ প্রদান করেন। তিনি আরো জানান, কাপাসিয়াতে ১২২টি ভোট কেন্দ্র রয়েছে এবং এবারের ভোটে ভোটকক্ষ থাকবে ৬০৪টি। কাপাসিয়াতে তিন লাখ দশ হাজার সাতশত সাতচল্লিশ জন ভোটার রয়েছে।
Leave a Reply